বাংলাফ্লো প্রতিবেদক
ঢাকা: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার। শুক্রবার (৯ জানুয়ারি) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। তবে বৈঠকের বিস্তারিত আলোচ্যসূচি সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।
এদিকে দিনের এই কূটনৈতিক সাক্ষাতের চেয়েও রাজনৈতিক অঙ্গনে বেশি উত্তাপ ছড়াচ্ছে আজ রাতে ডাকা দলটির জাতীয় স্থায়ী কমিটির জরুরি বৈঠক। রাত সাড়ে ৯টায় গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হবে। রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা, আজকের এই বৈঠকেই দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ‘ভারমুক্ত’ করে পূর্ণাঙ্গ চেয়ারম্যান হিসেবে ঘোষণা করা হতে পারে। আসন্ন নির্বাচনের আগে দলের সাংগঠনিক কাঠামো মজবুত করতেই এমন সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে গুঞ্জন রয়েছে।
বাংলাফ্লো/এফআইআর






