বাংলাফ্লো প্রতিনিধি
ঢাকা: ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার ঘটনার তীব্র নিন্দা ও উদ্বেগ প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। তিনি জানিয়েছেন, হামলার আগে হাদিকে ভারতীয় নম্বর থেকে একাধিকবার হত্যার হুমকি দেওয়া হয়েছিল।
শুক্রবার (১২ ডিসেম্বর) বিকেলে ফেসবুকে দেওয়া এক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি এসব কথা বলেন।
ফারুকী তার স্ট্যাটাসে লেখেন, “হাদি আগেই একাধিকবার ভারতীয় নম্বর থেকে হত্যার হুমকি পেয়েছিলেন। গত কয়েকদিন ধরে ভারতের ভেতর থেকে তাকে একের পর এক খুনের হুমকি দেওয়া হচ্ছিল, আর আজকের হামলা সেই উদ্বেগকে আরও স্পষ্ট করে দিল।” তিনি উল্লেখ করেন, আজকের এই গুলিবিদ্ধ হওয়ার ঘটনা তার আগের শঙ্কাকেই সত্য প্রমাণ করল।
হামলাকারীদের পরিচয় এখনো নিশ্চিত না হলেও এই ঘটনার দায় এড়ানোর সুযোগ নেই বলে মন্তব্য করেন সংস্কৃতি উপদেষ্টা। তিনি বলেন, “আমরা এখনো জানি না কারা এই হামলা করেছে। কিন্তু যারাই ঘটাক, এর দায় এড়ানো যাবে না। এই হামলা শুধু একজন প্রার্থীর ওপর আক্রমণ নয়, এটা বিরোধী কণ্ঠকে ভয় দেখানোর চেষ্টা।”
তবে তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “বিপ্লবীদের শেষ করা যায় না।”
গুলিবিদ্ধ হাদির দ্রুত আরোগ্য কামনা করে ফারুকী লেখেন, “গেট ওয়েল সুন, হাদি। দেশ তোমার সুস্থতার অপেক্ষায় আছে।”
উল্লেখ্য, শুক্রবার দুপুরে রাজধানীর বিজয়নগরে নির্বাচনী প্রচারণাকালে দুর্বৃত্তদের গুলিতে আহত হন শরিফ ওসমান হাদি।
বাংলাফ্লো/এফআইআর






