বাংলাফ্লো প্রতিবেদক
ঢাকা: আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক মেরুকরণের মধ্যেই ভাঙন দেখা দিয়েছে জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি)। দলের সাম্প্রতিক রাজনৈতিক সিদ্ধান্ত এবং জোট গঠনের প্রক্রিয়ায় নীতিগত দ্বিমত পোষণ করে পদত্যাগ করেছেন দলের প্রতিষ্ঠাতা সদস্য ও যুগ্ম সদস্যসচিব মুশফিক উস সালেহীন। তিনি দলটির মিডিয়া সেলের সম্পাদকের দায়িত্বও পালন করছিলেন।
বৃহস্পতিবার (১ জানুয়ারি, ২০২৬) দলের আহ্বায়ক নাহিদ ইসলামের কাছে পদত্যাগপত্র জমা দেন মুশফিক। পদত্যাগপত্রে তিনি স্পষ্ট করে উল্লেখ করেছেন, আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১০ দলীয় জোটে এনসিপির অন্তর্ভুক্ত হওয়ার সিদ্ধান্তের সঙ্গে তিনি একমত নন। তিনি লিখেন, “আমার বিবেচনায়, এনসিপির ওই জোটে যোগদান জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা, গণতান্ত্রিক মূল্যবোধ এবং একটি অন্তর্ভুক্তিমূলক নাগরিক রাষ্ট্র নির্মাণের রাজনৈতিক লক্ষ্যগুলোর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।”
কেবল জোট ইস্যুই নয়, দলের অভ্যন্তরীণ ব্যবস্থাপনা নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন এই নেতা। তিনি অভিযোগ করেন, দলের ভেতরে গণতান্ত্রিক চর্চার অভাব এবং সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় অস্বচ্ছতা রয়েছে। নতুন জোটসঙ্গীদের রাজনৈতিক চরিত্র বিবেচনা করে তিনি সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান।
দলে ভাঙনের সুর: মুশফিক উস সালেহীন একাই নন, সাম্প্রতিক সময়ে এনসিপি থেকে অন্তত ১০ জন নেতার পদত্যাগের খবর পাওয়া গেছে। জুলাই গণঅভ্যুত্থানের চেতনা লালন করে গঠিত এই দলটির নীতিগত বিচ্যুতি নিয়ে দলের ভেতরে ও বাইরে এখন জোর আলোচনা চলছে।
বাংলাফ্লো/এফআইআর






