শান্তিতে নোবেল পুরস্কার প্রাপ্তির পর যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ফোন করেছেন ভেনেজুয়েলার বিরোধীদলীয় নেত্রী মারিয়া করিনা মাচাদো। ট্রাম্প জানিয়েছেন, তিনি ফোনে মাচাদোর কাছ থেকে অভিনন্দন পেয়েছেন এবং মাচাদো বলেছেন— “এই পুরস্কারটি প্রকৃতপক্ষে আপনারই প্রাপ্য।”
আজ (১১ অক্টোবর) শনিবার প্রকাশিত একটি প্রতিবেদনে রয়টার্স জানিয়েছে, শান্তিতে নোবেল পুরস্কার ঘোষণার পর হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, নোবেলজয়ী মারিয়া করিনা আজ আমাকে ফোন করে বললেন, আমি এই পুরস্কারটি আপনার সম্মানে গ্রহণ করছি। আসলে এই পুরস্কারটা আপনারই প্রাপ্য।
তিনি মজার ছলে আরও বলেন, আমি বলিনি, পুরস্কারটা আমাকে দিয়ে দিন। বললে হয়তো দিয়ে দিতেন! হয়তো ভেবেছেন, আমি তাকে অনেকভাবে সহায়তা করেছি। ভেনেজুয়েলায় সংকটের সময় আমরা মানবিক সহায়তা পাঠিয়েছিলাম। আমি খুশি, কারণ লাখ লাখ মানুষের প্রাণ রক্ষা করতে পেরেছি।
শুক্রবার (১০ অক্টোবর) নরওয়ের রাজধানী অসলোতে নোবেল কমিটি ঘোষণা করে, এই বছর শান্তিতে নোবেল পুরস্কার পাচ্ছেন ভেনেজুয়েলার মানবাধিকারকর্মী ও বিরোধীদলীয় নেত্রী মারিয়া করিনা মাচাদো। তার নিরলস গণতান্ত্রিক আন্দোলন ও মানবাধিকারের পক্ষে ভূমিকার স্বীকৃতিস্বরূপ এই সম্মান দেওয়া হচ্ছে।
গেল কয়েক মাস ধরে আন্তর্জাতিক গণমাধ্যমে শান্তিতে নোবেলের সম্ভাব্য প্রার্থী হিসেবে ট্রাম্পের নাম আলোচিত ছিল। তবে শেষ পর্যন্ত কমিটি তার নাম বাদ দিয়ে মাচাদোকে নির্বাচিত করে।


