বিনোদন ডেস্ক
ঢাকা: বলিউড অভিনেতা অর্জুন রামপাল এবং তার দীর্ঘদিনের প্রেমিকা গ্যাব্রিয়েলা ডিমিট্রিয়াডেস অবশেষে তাদের সম্পর্কের পরবর্তী ধাপের কথা প্রকাশ্যে আনলেন। দীর্ঘ ছয় বছর ধরে একসঙ্গে থাকার পর এই জুটি নিশ্চিত করেছেন যে তাদের বাগদান সম্পন্ন হয়েছে। সম্প্রতি রিয়া চক্রবর্তীর পডকাস্টে অতিথি হিসেবে উপস্থিত হয়ে এই সুখবর দেন অর্জুন।
পডকাস্টে খুনসুটি ও ঘোষণা: রিয়ার শো-তে বিয়ের প্রসঙ্গ উঠলে গ্যাব্রিয়েলা প্রথমে বলেন, “আমরা এখনো বিবাহিত নই। কিন্তু ভবিষ্যতে কী হবে, তা কে বলতে পারে?” ঠিক তখনই গ্যাব্রিয়েলার কথার মাঝখানে অর্জুন রামপাল বলে ওঠেন, “আমাদের বাগদান হয়ে গেছে। তোমার অনুষ্ঠানেই প্রথম বললাম এ কথাটি।” অভিনেতার এই আকস্মিক ঘোষণায় নিশ্চিত হওয়া গেল যে, আইনি বিয়ে না হলেও তারা আংটি বদল করে ফেলেছেন।
সম্পর্ক ও পরিবার: ২০১৯ সাল থেকে দক্ষিণ আফ্রিকান মডেল ও ডিজাইনার গ্যাব্রিয়েলার সঙ্গে সম্পর্কে রয়েছেন অর্জুন। তাদের ঘরে অরিক ও অরিভ নামে দুই পুত্রসন্তান রয়েছে। এর আগে ১৯৯৮ সালে মডেল মেহর জেসিয়াকে বিয়ে করেছিলেন অর্জুন, যা ২০১৯ সালে বিচ্ছেদে গড়ায়। প্রথম পক্ষে তার দুই কন্যা—মাহিকা ও মাইরা।
পর্দায় অর্জুন: ব্যক্তিগত জীবনের পাশাপাশি পেশাগত জীবনেও দারুণ সময় কাটাচ্ছেন এই অভিনেতা। সম্প্রতি মুক্তি পাওয়া ‘ধুরন্ধর’ সিনেমায় আইএসআই আধিকারিকের চরিত্রে তার অভিনয় দর্শকদের মুগ্ধ করেছে। এর আগেও ‘ওম শান্তি ওম’ এবং ‘রা ওয়ান’-এর মতো সিনেমায় খলনায়কের চরিত্রে তিনি নিজের জাত চিনিয়েছেন। শোনা যাচ্ছে, ‘ধুরন্ধর’-এর দ্বিতীয় পর্বে তাকে আরও ভয়ঙ্কর রূপে দেখা যাবে।
বাংলাফ্লো/এফআইআর






