রাজধানী ঢাকায় আজও বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। গত কয়েকদিনের মতোই শুষ্ক ও আংশিক মেঘলা আবহাওয়া বিরাজ করতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। তাপমাত্রাতেও বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত নেই।
সোমবার ২৭ অক্টোবর সকালে প্রকাশিত ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার জন্য ছয় ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। উত্তর বা উত্তর-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৫ থেকে ১০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। এসময় দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, আজ সকাল ৬টায় রাজধানীর তাপমাত্রা ছিল ২৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে আর্দ্রতার পরিমাণ ৮৪ শতাংশ। গতকাল ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৩৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং আজকের সর্বনিম্ন তাপমাত্রা ২৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় রাজধানীতে কোনো বৃষ্টিপাত হয়নি।
অন্যদিকে, আবহাওয়া অধিদপ্তরের সারাদেশের সম্ভাব্য পূর্বাভাসে বলা হয়েছে, আজ সন্ধ্যা পর্যন্ত দেশের আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে এবং সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। দিন ও রাতের তাপমাত্রায় উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনাও নেই।


