বিনোদন ডেস্ক
ঢাকা: বড় পর্দায় ‘সুড়ঙ্গ’ দিয়ে যে রাজকীয় অভিষেকের সূচনা করেছিলেন আফরান নিশো, এবারের ঈদে তার সেই জনপ্রিয়তা যেন কয়েক গুণ বেড়ে গেছে। রেদওয়ান রনি পরিচালিত ‘দম: আনটিল দ্য লাস্ট ব্রেথ’ সিনেমাটি ঘিরে দর্শকদের উন্মাদনা এখন তুঙ্গে। বিশেষ করে, প্রথমবারের মতো বড় পর্দায় নিশোর সঙ্গে চঞ্চল চৌধুরীর উপস্থিতি সিনেমাটিকে নিয়ে গেছে অনন্য উচ্চতায়।
কাজাখস্তানের হাড়কাঁপানো শীত থেকে পাবনার মেঠোপথ—‘শাহজাহান ইসলাম নূর’ চরিত্রের মধ্য দিয়ে একজন সাধারণ মানুষের অসাধারণ টিকে থাকার লড়াই ফুটিয়ে তুলেছেন নিশো। তবে সিনেমার সাফল্যের পাশাপাশি এখন টক অব দ্য টাউন হয়ে দাঁড়িয়েছে সিনেমাটির একটি প্রেস কনফারেন্স। যেখানে অভিনেত্রী পূজা চেরিকে নিয়ে নিশোর এক রসিকতা রীতিমতো শোরগোল ফেলে দিয়েছে।
প্রেস কনফারেন্সে নিশো বলেন, ‘আপনারা বিচলিত হবেন না। বিবাহিত পুরুষের প্রেমে পড়ার পূজার রেকর্ড নাই।’ এরপর এর জবাবে পূজা চেরি বলেন, ‘জোকস অ্যাপার্ট এবং তার চেয়ে বড় কথা হচ্ছে আমি এনগেজড। সবাইকে অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ।’
পেশাদার এই দুই তারকার এমন অকপট স্বীকারোক্তি ও খুনসুটি সামাজিক যোগাযোগমাধ্যমে এখন ভাইরাল। কেউ কেউ বলছেন এটি সিনেমা প্রচারণার অংশ, আবার কেউ পূজার ‘এনগেজড’ হওয়ার খবরে খুঁজছেন নতুন সমীকরণ। এদিকে সারভাইভাল ড্রামা ঘরানার এই সিনেমায় নিশোর জীবনযুদ্ধের পাশাপাশি পূজা চেরির নতুন অবতার দর্শকদের কতটুকু বিমোহিত করতে পারে, সেটাই এখন দেখার বিষয়।
বাংলাফ্লো/এম এইচ এইচ






