বাংলাফ্লো প্রতিবেদক
ঢাকা: সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেছেন লেফটেন্যান্ট জেনারেল মীর মুশফিকুর রহমান। সোমবার (২৩ ফেব্রুয়ারি) ঢাকা সেনানিবাসের সশস্ত্র বাহিনী বিভাগে প্রধানমন্ত্রী তারেক রহমান তাকে লেফটেন্যান্ট জেনারেল র্যাংক ব্যাজ পরিয়ে দেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছে।
র্যাংক ব্যাজ পরানোর এই বিশেষ অনুষ্ঠানে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান এবং বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, নবনিযুক্ত পিএসও লেফটেন্যান্ট জেনারেল মীর মুশফিকুর রহমান ১৯৯১ সালের ২১ জুন বাংলাদেশ সেনাবাহিনীতে কোর অব ইনফেনট্রিতে কমিশন লাভ করেন। দীর্ঘ বর্ণাঢ্য কর্মজীবনে তিনি ২৪ পদাতিক ডিভিশনের জিওসি, প্রতিরক্ষা ক্রয় মহাপরিদপ্তরের সামরিক সচিব ও মহাপরিচালকসহ সেনাবাহিনীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন।
বাংলাফ্লো/এফআইআর






