বিনোদন ডেস্ক
ঢাকা: দীর্ঘ তিন বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে জনপ্রিয় স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে বহুল প্রতীক্ষিত ওয়েব সিরিজ ‘স্ট্রেঞ্জার থিংস’-এর পঞ্চম সিজন। কিন্তু মুক্তির মাত্র কয়েক মিনিটের মধ্যেই দর্শক চাপে হঠাৎ অচল (ক্রাশ) হয়ে পড়ে নেটফ্লিক্স, যার ফলে চরম ভোগান্তিতে পড়েন হাজার হাজার দর্শক।
বুধবার (২৭ নভেম্বর) সিরিজটির পঞ্চম সিজনের প্রথম চারটি পর্ব মুক্তি পাওয়ার পরপরই এই প্রযুক্তিগত বিভ্রাট দেখা দেয়। বিশেষ করে যারা টিভি সেটে পর্বগুলো দেখার চেষ্টা করছিলেন, তারা স্ট্রিমিং করতে গিয়ে বাধার মুখে পড়েন এবং সামাজিক মাধ্যমে ক্ষোভ প্রকাশ করেন।
আউটেজ ট্র্যাকিং ওয়েবসাইট ডাউনডিটেক্টরের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রে প্রায় ১৪ হাজার গ্রাহক নেটফ্লিক্স বিভ্রাটের অভিযোগ করেছেন। ভারতেও পিক টাইমে প্রায় ২০০টি অভিযোগ জমা পড়েছে।
বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক ইমেইল বার্তায় নেটফ্লিক্স কর্তৃপক্ষ জানিয়েছে, “কিছু গ্রাহক টিভি ডিভাইসে স্ট্রিমিং করার সময় সাময়িক সমস্যায় পড়েছিলেন। তবে পাঁচ মিনিটের মধ্যেই সব অ্যাকাউন্টের জন্য পরিষেবা স্বাভাবিক করে দেওয়া হয়েছে।”
১৯৮০-এর দশকের প্রেক্ষাপটে ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের হোকিন্স শহরের কাল্পনিক কাহিনি নিয়ে নির্মিত এই সিরিজটি বিশ্বজুড়ে তুমুল জনপ্রিয়। এবারের সিজনে মিলি ববি ব্রাউন, ফিন উলফহার্ডসহ মূল কাস্টের পাশাপাশি গল্পের প্রয়োজনে সময়ের কিছুটা উল্লম্ফন (টাইম জাম্প) রাখা হয়েছে।
এর আগে ২০২২ সালে স্ট্রেঞ্জার থিংসের চতুর্থ সিজনের শেষ দুটি পর্ব মুক্তির সময়েও নেটফ্লিক্স ক্রাশ করেছিল।
বাংলাফ্লো/এফআইআর






