বাংলাফ্লো প্রতিবেদক
ঢাকা: সদ্য প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানাতে ঢাকায় আসা নেপাল ও ভুটানের পররাষ্ট্রমন্ত্রীরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন। বুধবার (৩১ ডিসেম্বর) দুপুরে জাতীয় সংসদ ভবনে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
বিএনপির মিডিয়া সেল নিশ্চিত করেছে যে, নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালা নন্দা শর্মা এবং ভুটানের পররাষ্ট্র ও বৈদেশিক বাণিজ্য মন্ত্রী লিয়নপো ডি. এন. ধুংগেল আলাদাভাবে তারেক রহমানের সঙ্গে দেখা করেন। এ সময় তারা নিজ নিজ দেশের সরকার ও জনগণের পক্ষ থেকে আনা আনুষ্ঠানিক শোকবার্তা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের হাতে তুলে দেন এবং গভীর সমবেদনা জানান।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোরে বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর দক্ষিণ এশিয়ার এই শীর্ষ কূটনীতিকরা ঢাকায় আসেন। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের পর নেপাল ও ভুটানের মন্ত্রীদের এই সাক্ষাৎ ও শোকবার্তা হস্তান্তর খালেদা জিয়ার প্রতি আঞ্চলিক নেতাদের শ্রদ্ধা ও গুরুত্বের বহিঃপ্রকাশ।
বাংলাফ্লো/এফআইআর






