বাংলাফ্লো প্রতিবেদক
ঢাকা: হত্যাচেষ্টা, বেআইনি সমাবেশ এবং সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে শাহবাগ থানায় দায়ের করা পৃথক দুটি মামলায় জামিন পেয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব ও সাবেক ডাকসু সমাজসেবা সম্পাদক আখতার হোসেন।
রোববার (২৮ ডিসেম্বর) দুপুরে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মোহাম্মদ জুনায়েদ এবং জশিতা ইসলামের আদালতে আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন তিনি। শুনানি শেষে আদালত তাকে জামিন দেওয়ার আদেশ দেন।
আখতার হোসেনের আইনজীবী মো. মুজাহিদুল ইসলাম জানান, ২০২১ সালের পৃথক দুই মামলায় তিনি আজ স্বেচ্ছায় আত্মসমর্পণ করেন। শুনানি শেষে দুই আদালত যথাক্রমে ৫০০ এবং ১০০০ টাকাসহ মোট ১৫০০ টাকার মুচলেকায় তার জামিন মঞ্জুর করেন।
আখতার হোসেনের বক্তব্য: জামিন পাওয়ার পর এনসিপি নেতা আখতার হোসেন বলেন, “বিগত আওয়ামী লীগ সরকারের আমলে আমার বিরুদ্ধে মোট ৬টি হয়রানিমূলক মামলা দায়ের করা হয়েছিল। এর মধ্যে ৪টি থেকে আমি আগেই অব্যাহতি পেয়েছি। বাকি দুটি মামলায় আজ আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আত্মসমর্পণ করে জামিন নিলাম।”
মামলার নথি থেকে জানা যায়, ২০২১ সালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের বিরোধিতা করে আন্দোলন গড়ে তুলেছিলেন ছাত্র-জনতা। সেই আন্দোলনের পরিপ্রেক্ষিতে শাহবাগ থানায় আখতার হোসেনের বিরুদ্ধে পৃথক তিনটি মামলা দায়ের করা হয়। ২০২১ সালের ১৩ এপ্রিল রমজান মাসে অসুস্থ শরীর নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় দুস্থদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করছিলেন আখতার। সে সময় আইনশৃঙ্খলা বাহিনী তাকে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে থেকে আটক করে এবং পরে শাহবাগ থানার মামলায় গ্রেপ্তার দেখায়।
বাংলাফ্লো/এফআইআর






