বাংলাফ্লো প্রতিনিধি
ঢাকা: রাজধানীর হাজারীবাগ থানাধীন জিগাতলা এলাকার একটি ছাত্রী হোস্টেল থেকে জান্নাত আরা রুমী (৩০) নামের এক রাজনৈতিক নেত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকালে জিগাতলা পুরাতন কাঁচাবাজার রোড এলাকায় অবস্থিত ‘জান্নাতী ছাত্রী হোস্টেল’-এর পঞ্চম তলা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত রুমী সদ্য গঠিত রাজনৈতিক দল ‘জাতীয় নাগরিক পার্টি’র (এনসিপি) ঢাকা মহানগর দক্ষিণ (ধানমন্ডি থানা) সমন্বয় কমিটির যুগ্ম সমন্বয়কারী ছিলেন।
হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, রুমী এনসিপির রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে জড়িত ছিলেন। তার গ্রামের বাড়ি নওগাঁ জেলার পত্নীতলা উপজেলার নাজিরপুর এলাকায়। বাবার নাম মো. জাকির হোসেন ও মায়ের নাম নুরজাহান বেগম।
পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, এটি আত্মহত্যার ঘটনা। ওসি সাইফুল ইসলাম বলেন, “পারিবারিকভাবে তিনি মানসিক চাপে ছিলেন বলে জানা গেছে। তবে এটি আত্মহত্যা নাকি এর পেছনে অন্য কোনো কারণ (হত্যাকাণ্ড) রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।”
পুলিশ মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেছে। মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হতে মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরই মৃত্যুর আসল রহস্য জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।
বাংলাফ্লো/এফআইআর






