জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে বসেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রতিনিধি দল। শনিবার সকাল সোয়া ১০টার দিকে জাতীয় সংসদ ভবনের এলডি হলে এই বৈঠক শুরু হয়।
আজ (২৫ অক্টোবর) শনিবার এনসিপির পক্ষ থেকে বৈঠকে অংশ নেন দলের সদস্য সচিব আখতার হোসেন, যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, জাবেদ রাসিন, খালেদ সাইফুল্লাহ এবং যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মুসা। অন্যদিকে জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি আলী রীয়াজসহ কমিশনের অন্যান্য সদস্যরা বৈঠকে উপস্থিত আছেন।
বৈঠকে জুলাই জাতীয় সনদের বাস্তবায়ন আদেশ, আইনি ভিত্তি এবং সনদের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হওয়ার কথা রয়েছে বলে জানা গেছে। এর আগে গত ১৭ অক্টোবর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জাতীয় ঐকমত্য কমিশনের সভাপতি ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের উপস্থিতিতে ‘জুলাই জাতীয় সনদ ২০২৫’ স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সংলাপে অংশ নেওয়া ৩০টি রাজনৈতিক দল ও জোটের মধ্যে ২৫টি দল ঐ সনদে স্বাক্ষর করে কমিশনের সংস্কার সিদ্ধান্তগুলো বাস্তবায়নের অঙ্গীকার করে। তবে জুলাই সনদের বাস্তবায়ন নিয়ে অনিশ্চয়তা ও আইনি অস্পষ্টতার কথা তুলে স্বাক্ষর করা থেকে বিরত থাকে এনসিপি। একই কারণে আরও চারটি দলও সনদে স্বাক্ষর করেনি।
জুলাই সনদ বাস্তবায়ন প্রশ্নে কমিশন গত ২২ অক্টোবর বিশেষজ্ঞদের সঙ্গেও বৈঠক করেছে, যার ধারাবাহিকতা হিসেবেই আজকের এনসিপির সঙ্গে এই সংলাপ অনুষ্ঠিত হচ্ছে।


