বাংলাফ্লো প্রতিবেদক
ঢাকা: ঢাকা-৮ আসনে জামায়াতে ইসলামী সমর্থিত এনসিপির ‘শাপলাকলি’ প্রতীকের প্রার্থী নাসিরুদ্দীন পাটোয়ারী হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ‘‘আমার ভোটাররা বেশিরভাগ ‘জেন-জি’।… তাদের সঙ্গে কেউ গ্যাঞ্জাম করতে চাইলে, তারা গ্যাঞ্জামে চলে যাবে। তখন পরিস্থিতি আমাদের কন্ট্রোলে থাকবে না; যেমনটা গণঅভ্যুত্থানের সময়েও ছিল না।’’
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। তিনি বলেন, নারীরা দলে দলে ভোট দিতে আসছেন। জেন-জিরা রাত জেগে কাজ করায় তারা একটু পরে ঘুম থেকে উঠে ভোট দিতে আসবেন। তিনি বিরোধীদের উদ্দেশে বলেন, ‘‘জেন-জিদের ক্ষ্যাপাবেন না। কেউ অস্থিরতা তৈরি করতে চাইলে তাদের ধরে আইন-শৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেওয়া হবে।’’
তিনি আরও বলেন, এই ভোট আসলে তার নয়, বরং শহীদ ওসমানের (ওসমান হাদি)। নির্বাচনে হেরে গেলে দ্বিগুণ পরিশ্রম করার এবং বিজয়ী দলের সঙ্গে মিলেমিশে কাজ করার প্রতিশ্রুতিও দেন এই তরুণ নেতা।
বাংলাফ্লো/এফআইআর






