বাংলাফ্লো প্রতিবেদক
ঢাকা: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ঢাকা-১১ আসনে সহিংসতা ও ভীতি প্রদর্শনের গুরুতর অভিযোগ তুলেছেন ১১ দলীয় জোট সমর্থিত প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক মো. নাহিদ ইসলাম। সোমবার (২ ফেব্রুয়ারি) রাজধানীর রামপুরার কুঞ্জবন এলাকায় গণসংযোগকালে তিনি মন্তব্য করেন, ‘প্রতিদ্বন্দ্বীরা মানুষ হত্যা করে লাশের ওপর দাঁড়িয়ে নির্বাচনে জয়ের চেষ্টা করছে, যা দেশবাসী অতীতেও দেখেছে।’
নির্বাচনী পরিবেশ নিয়ে শঙ্কা প্রকাশ করে নাহিদ ইসলাম বলেন, ‘আওয়ামী লীগ আমলে আমরা যা দেখেছি, তার সবকিছুই ফিরে আসছে। ১২ ফেব্রুয়ারি নির্বাচনের দিন কেন্দ্র দখল হবে না, সেই নিশ্চয়তাও নেই।’ তিনি অভিযোগ করেন, তার ব্যানার-ফেস্টুন ছিঁড়ে ফেলা হচ্ছে এবং কর্মীদের হুমকি দেওয়া হচ্ছে। নির্বাচন কমিশনকে (ইসি) জানানোর পরেও কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে না।
এ সময় তিনি প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী এম এ কাইয়ুমের বিরুদ্ধে দ্বৈত নাগরিকত্বের তথ্য গোপনের অভিযোগ আনেন। তিনি বলেন, ‘সংবিধান লঙ্ঘন করে কেউ নির্বাচনে অংশ নিতে পারে না। তাই আমরা আদালতের শরণাপন্ন হয়েছি।’ এছাড়া নির্বাচনে কোনো বিদেশি বা আধিপত্যবাদী শক্তির হস্তক্ষেপ মেনে নেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।
বাংলাফ্লো/এফআইআর






