বিনোদন ডেস্ক
ঢাকা: ‘ক্লোজআপ ওয়ান’ তারকা খ্যাত জনপ্রিয় সংগীতশিল্পী মেহরাব বাবা হয়েছেন। গত বছরের ৯ নভেম্বর তাঁর স্ত্রী রুশী চৌধুরীর কোলজুড়ে এসেছে এক ফুটফুটে পুত্রসন্তান। ছেলের নাম রাখা হয়েছে এরহান রহমান। তবে সুখবরটি তাৎক্ষণিকভাবে ভক্তদের জানাতে পারেননি মেহরাব। প্রায় এক বছর পর তিনি এই আনন্দ সংবাদটি সবার সঙ্গে ভাগ করে নিলেন।

সুখবরটি যথাসময়ে জানাতে না পারার কারণে দুঃখ প্রকাশ করে মেহরাব বলেন, “বিলম্বে হলেও এরহানের খবরটি সবাইকে জানাতে পেরে ভালো লাগছে। নানাবিধ কারণে এত ভালো একটি খবর যথাসময়ে না জানাতে পেরে দুঃখ প্রকাশ করছি। আলহামদুলিল্লাহ, পুত্র ও তার মা ভালো আছেন। সবাই আমাদের জন্য দোয়া করবেন।”
মেহরাব জানান, এরহান রহমান তাঁদের ঘর আলো করার পর গত এক বছর তাঁরা অত্যন্ত আনন্দঘন মুহূর্ত পার করেছেন। ছেলে ও পরিবার নিয়ে ব্যস্ত থাকায় গানে সেভাবে সময় দিতে পারেননি।
পরিবারের নতুন অতিথি এখন একটু বড় হয়েছে, তাই মেহরাব আবার গানে ফেরার প্রস্তুতি নিচ্ছেন। তিনি বলেন, “এরহান এখন মাশাল্লাহ একটু শক্ত হয়েছে। ভাবলাম এখনই সময় কাজে ফেরার। সেই লক্ষ্যে নতুন গান তৈরির কাজে হাত দিয়েছি। রবিউল ইসলাম জীবনের লেখায় একটি গান তৈরি করছি। আশা করছি এই শীতেই গানটি ভিডিওসহ প্রকাশ করতে পারব।”

এনটিভি আয়োজিত রিয়েলিটি শো ‘ক্লোজআপ ওয়ান’ থেকে উঠে আসা মেহরাব ২০১৯ সালের ৮ জুলাই রুশী চৌধুরীকে বিয়ে করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের সাবেক শিক্ষার্থী রুশী চৌধুরী শখের বশে উপস্থাপনা, বিজ্ঞাপনচিত্র, মিউজিক ভিডিও, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র, র্যাম্প মডেলিং এবং সাংবাদিকতার সঙ্গে যুক্ত ছিলেন। প্রেম ও পারিবারিক সম্মতিতে তাঁদের বিয়ে সম্পন্ন হয়।
বাংলাফ্লো/এফআইআর






