বিনোদন ডেস্ক
ঢাকা: বাংলাদেশের রাজনীতির মহীরুহ, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে দেশের শোবিজ অঙ্গনে। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকালে তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে চলচ্চিত্র ও নাট্যাঙ্গনের তারকারা সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন বার্তা দিয়ে ‘আপসহীন নেত্রী’কে স্মরণ করেন।
শ্রদ্ধা ও স্মৃতিচারণ:
অপু বিশ্বাস: চিত্রনায়িকা অপু বিশ্বাস খালেদা জিয়ার বিদায়কে ‘মহাকালের সাক্ষী’ হিসেবে উল্লেখ করে লিখেছেন, “একজন মহীয়সী নারীর প্রস্থান এ দেশের মানুষের হৃদয়ে চিরস্মরণীয় হয়ে থাকবে।”
শবনম বুবলী: বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রীর বিদেহী আত্মার চিরশান্তি কামনা করেছেন চিত্রনায়িকা বুবলী।
আজমেরী হক বাঁধন: জনপ্রিয় অভিনেত্রী বাঁধন খালেদা জিয়াকে দেশের রাজনৈতিক ইতিহাসের ‘অবিচ্ছেদ্য অংশ’ হিসেবে অভিহিত করে বলেন, “তার নেতৃত্ব ও জনসেবা বাংলাদেশের ওপর দীর্ঘস্থায়ী প্রভাব রেখে গেছে।”
নির্মাতা আশফাক নিপুণ এক আবেগঘন পোস্টে লেখেন, “আপনি ছিলেন ধৈর্য, আভিজাত্য এবং হার না মানার এক অনন্য প্রতীক। প্রতিপক্ষের অমানবিক আচরণের মুখেও আপনি দমে যাননি।” অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা খালেদা জিয়াকে ‘আপসহীন নেত্রী’ উল্লেখ করে বলেন, জেল-জুলুম সহ্য করলেও তিনি কখনো দেশ ছেড়ে যাননি, যা তাকে অনন্য উচ্চতায় নিয়ে গেছে।
নির্মাতা মাবরুর রশীদ বান্নাহ খালেদা জিয়াকে ‘স্বাধীনতা-সার্বভৌমত্বের প্রতীক’ হিসেবে আখ্যায়িত করেছেন। নির্মাতা রেদওয়ান রনি বলেন, তার প্রয়াণে একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক অধ্যায়ের সমাপ্তি ঘটল। এছাড়া চিত্রনায়িকা নুসরাত ফারিয়া, পূজা চেরি, অভিনেতা সিয়াম আহমেদ, রাফিয়াথ রশিদ মিথিলা, আশনা হাবিব ভাবনা, আরশ খান ও পিয়া জান্নাতুলসহ অনেকেই শোক প্রকাশ করে সাবেক প্রধানমন্ত্রীর মাগফিরাত কামনা করেছেন।
বাংলাফ্লো/এফআইআর






