বিনোদন ডেস্ক
ঢাকা: ভারতের হরিয়ানায় একটি অনুষ্ঠানে পারফর্ম করতে গিয়ে ভয়াবহ অভিজ্ঞতার মুখোমুখি হলেন বলিউড অভিনেত্রী মৌনী রায়। প্রকাশ্যে দুই বয়স্ক ব্যক্তির হাতে শারীরিক হেনস্তার শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন তিনি। শুধু তাই নয়, মঞ্চে পারফর্ম করার সময় তাকে লক্ষ্য করে অশালীন মন্তব্য ও অঙ্গভঙ্গি করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন অভিনেত্রী।
মৌনী রায় জানান, মঞ্চে ওঠার ঠিক আগেই দর্শকদের মাঝ থেকে দুই বয়স্ক ব্যক্তি ছবি তোলার নাম করে তার কোমরে হাত দেওয়ার চেষ্টা করেন। অভিনেত্রী তাৎক্ষণিকভাবে এর প্রতিবাদ জানান এবং হাত সরাতে বলেন। কিন্তু পরিস্থিতি সেখানেই শান্ত হয়নি। পারফরম্যান্স চলাকালীন সামনের সারিতে থাকা ওই ব্যক্তিরা তাকে লক্ষ্য করে অশ্লীল অঙ্গভঙ্গি করেন এবং মঞ্চে গোলাপ ফুল ছুড়তে শুরু করেন।
আয়োজকদের অব্যবস্থাপনাকে দায়ী করে মৌনী বলেন, ‘বিষয়টি এতটাই অস্বস্তিকর ছিল যে আমি অনুষ্ঠান ফেলে চলে যেতে চেয়েছিলাম। কিন্তু পেশাদারিত্বের খাতিরে শেষ পর্যন্ত পারফর্ম করে এসেছি।’
এই ঘটনায় নিজের নিরাপত্তা ও নারী সম্মানের বিষয়টি সামনে এনেছেন ‘নাগিন’ খ্যাত এই অভিনেত্রী। তিনি বলেন, ‘আমার মতো একজনকে যদি এমন পরিস্থিতির মুখোমুখি হতে হয়, তবে সাধারণ বা নতুন মেয়েদের নিরাপত্তা কোথায়?’ শিল্পীদের শিল্পের মাধ্যমে মূল্যায়নের আহ্বান জানিয়ে তিনি জড়িতদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের দাবি জানান।
টিভি পর্দা থেকে বলিউডে শক্ত অবস্থান তৈরি করা মৌনী রায়ের এই অভিযোগ বর্তমানে নেট দুনিয়ায় তোলপাড় সৃষ্টি করেছে।
বাংলাফ্লো/এফআইআর






