জেলা প্রতিনিধি
চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গা জেলা পুলিশের বাৎসরিক মাস্কেট্রি অনুশীলন (ফায়ারিং) চলাকালে অসাবধানতাবশত ছোড়া গুলিতে বাবু (৩১) নামের এক মোটরসাইকেল আরোহী গুলিবিদ্ধ হয়েছেন। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বেলা ১১টার দিকে সদরের হায়দারপুর এলাকার ৬ বিজিবি ফায়ারিং রেঞ্জের পেছনের সড়কে এ দুর্ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ বাবু চুয়াডাঙ্গা পৌর এলাকার সাতগাড়ি গ্রামের আব্দুল হামিদের ছেলে এবং পেশায় একজন পারটেক্স মিস্ত্রি। আহত অবস্থায় তাকে প্রথমে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়া হয়। পরে এক্স-রে রিপোর্টে বুকে গুলি ধরা পড়লে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।
জেলা পুলিশ ও বিজিবি সূত্রে জানা যায়, ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের (৬ বিজিবি) ডিঙ্গেদাহ ফায়ারিং বাটে গত ৯ ডিসেম্বর থেকে ১১ ডিসেম্বর পর্যন্ত পুলিশের বাৎসরিক অনুশীলন চলছিল। আজ বৃহস্পতিবার সকাল থেকে ফায়ারিং চলার সময় চলন্ত মোটরসাইকেলে থাকা বাবুর বুকে গুলি লাগে।
আহতের খালাতো ভাই রাশেদ অভিযোগ করে বলেন, “কোনো ধরনের মাইকিং বা সতর্কতা ছাড়াই পুলিশের মাস্কেট্রি অনুশীলন চলছিল। আজ আমার ভাই ব্যক্তিগত কাজে যাওয়ার পথে গুলিবিদ্ধ হয়। এর আগেও এখানে এক নারী গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। আমাদের দাবি, জনবসতিপূর্ণ এই এলাকায় যেন আর ফায়ারিং না করা হয়।”
জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আরিফ আহমেদ বলেন, “গত ১০-১৫ বছরে এই ফায়ারিং স্পটে ৩-৪ জন গুলিবিদ্ধ হয়েছেন এবং দুজন মারা গেছেন। প্রশাসন তড়িঘড়ি করে বিষয়টি চাপার চেষ্টা করছে। আমরা এর স্থায়ী সমাধান চাই।”
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জুনিয়র কনসালটেন্ট (সার্জারি) ডা. এহসানুল হক তন্ময় জানান, এক্স-রে রিপোর্টে দেখা গেছে গুলিটি বুকের বাম পাশে আটকে আছে। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে রাজশাহীতে পাঠানো হয়েছে। বর্তমানে তার অবস্থা স্থিতিশীল ও শঙ্কামুক্ত।
চুয়াডাঙ্গার পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মনিরুল ইসলাম হাসপাতালে আহত ব্যক্তিকে দেখতে যান। তিনি বলেন, “পুলিশের বাৎসরিক ফায়ারিং চলাকালে অনাকাঙ্ক্ষিতভাবে এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছেন। তিনি শঙ্কামুক্ত আছেন বলে জেনেছি। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।”
বাংলাফ্লো/এফআইআর






