আন্তর্জাতিক ডেস্ক
ঢাকা: যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোট ‘কোয়াড’-এর সদস্য দেশগুলোর অধিকাংশ জনগণ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে তাদের দেশের জন্য ক্ষতিকর বলে মনে করেন। জাপান, অস্ট্রেলিয়া ও ভারতের জনগণের ওপর চালানো সাম্প্রতিক এক জরিপে উঠে এসেছে এমন তথ্য। সিডনি বিশ্ববিদ্যালয়ের ইউনাইটেড স্টেটস সেন্টার পরিচালিত এই জরিপে দেখা গেছে, ট্রাম্পের প্রেসিডেন্সি নিয়ে এশীয় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের মিত্র দেশগুলোর জনমনে নেতিবাচক ধারণা প্রবল।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) প্রকাশিত জরিপের ফলাফলে দেখা যায়, ৫৯ শতাংশ জাপানি, ৫৬ শতাংশ অস্ট্রেলিয়ান এবং ৫৪ শতাংশ ভারতীয় মনে করেন, ট্রাম্পের প্রেসিডেন্সি তাদের দেশের স্বার্থের জন্য খারাপ। এ ছাড়া অস্ট্রেলিয়া ও ভারতের অধিকাংশ মানুষ মনে করেন, এশিয়ার জন্য ট্রাম্প সরকার উপকারের চেয়ে অপকারই বেশি করছে।
জরিপে যুক্তরাষ্ট্রের সঙ্গে মিত্রতা নিয়ে আস্থার সংকটের চিত্রও ফুটে উঠেছে। জরিপে অংশ নেওয়া ৪২ শতাংশ অস্ট্রেলিয়ান বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে মিত্রতা তাদের দেশকে সুরক্ষিত করেছে, যা ২০২৪ সালের তুলনায় ১৪ পয়েন্ট কম। অন্যদিকে, ৪৭ শতাংশ জাপানি মনে করেন মার্কিনিদের সঙ্গে মিত্রতার কারণে তারা সুরক্ষিত আছেন। তবে নেতিবাচক মনোভাব সত্ত্বেও অধিকাংশ মানুষ যুক্তরাষ্ট্রের সঙ্গে মিত্রতা বজায় রাখার পক্ষে মত দিয়েছেন।
চীন প্রসঙ্গেও জরিপে মিশ্র প্রতিক্রিয়া পাওয়া গেছে। ৪৮ শতাংশ অস্ট্রেলিয়ান, ৫৮ শতাংশ জাপানি, ৪৬ শতাংশ ভারতীয় এবং ৪০ শতাংশ আমেরিকান মনে করেন, চীন এশিয়ার জন্য ভালোর চেয়ে খারাপই বেশি। বিশেষ করে জাপানিদের মধ্যে চীন ভীতি প্রবল। ৫৯ শতাংশ জাপানি মনে করেন, চীনকে মোকাবেলা করার ক্ষেত্রে তাদের দেশ খুবই দুর্বল।
গত আগস্ট মাসে যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, জাপান ও ভারতের এক হাজার করে মোট চার হাজার মানুষের ওপর এই জরিপ চালানো হয়।
বাংলাফ্লো/এফআইআর






