স্পোর্টস ডেস্ক
ঢাকা: ২০২২ বিশ্বকাপের সেই জাদুকরী লুসাইল স্টেডিয়ামে আবারও ইতিহাসের সাক্ষী হলো মরক্কো। কাতার বিশ্বকাপে সেমিফাইনালে উঠে আরব ফুটবলকে বিশ্বমঞ্চে নতুন উচ্চতায় নিয়ে যাওয়া ‘অ্যাটলাস লায়ন’রা এবার ঘরে তুলল ফিফা আরব কাপের শিরোপা। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে দোহায় অনুষ্ঠিত ফাইনালে জর্ডানকে অতিরিক্ত সময়ে ৩-২ গোলে হারিয়ে শিরোপা উৎসব করেছে মরক্কো।
ফাইনালে আন্ডারডগ হিসেবে নামা জর্ডান শুরু থেকেই মরক্কোর চোখে চোখ রেখে লড়াই করে। তবে ম্যাচের প্রথমার্ধেই উসামা তান্নানের গোলে এগিয়ে যায় মরক্কো। দ্বিতীয়ার্ধে পাল্টে যায় ম্যাচের চিত্র। ৪৮ মিনিটে আলী ওলোয়ানের দুর্দান্ত হেডে সমতায় ফেরে জর্ডান। এরপর ৬৮ মিনিটে পেনাল্টি থেকে গোল করে প্রথমবারের মতো ফাইনালে ওঠা জর্ডান লিড নিলে স্তব্ধ হয়ে যায় মরক্কান গ্যালারি।
নির্ধারিত সময় শেষ হওয়ার মাত্র ২ মিনিট আগে (৮৮ মিনিটে) ত্রাতা হিসেবে আবির্ভূত হন অভিজ্ঞ স্ট্রাইকার আব্দেররাজ্জাক হামদাল্লাহ। তার গোলে ম্যাচ গড়ায় ২-২ সমতায় এবং খেলা চলে যায় অতিরিক্ত সময়ে। সেখানেও নায়ক সেই হামদাল্লাহ। ১০০তম মিনিটে তার দ্বিতীয় গোলটিই শেষ পর্যন্ত ম্যাচের ভাগ্য গড়ে দেয়।
আসন্ন আফ্রিকা নেশনস কাপের আগে এই ট্রফি জয় মরক্কোকে বড় আত্মবিশ্বাস জোগাবে বলে মনে করছেন বিশ্লেষকরা। অন্যদিকে, প্রথমবারের মতো ফাইনালে উঠেও শিরোপা ছোঁয়া হলো না জর্ডানের, তবে তাদের লড়াকু পারফরম্যান্স প্রশংসা কুড়িয়েছে ফুটবলবিশ্বের।
বাংলাফ্লো/এফআইআর






