বাংলাফ্লো প্রতিবেদক
ঢাকা: রাজধানীর মোহাম্মদপুর থানার ঢাকা উদ্যান এলাকায় সুন্নতে খতনা করাতে গিয়ে এক কথিত চিকিৎসকের অবহেলায় ৯ বছর বয়সী এক শিশুর পুরুষাঙ্গের সামনের অংশ কেটে ফেলার মারাত্মক অভিযোগ উঠেছে। এই মর্মান্তিক ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে মোহাম্মদপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করার পর শুক্রবার (১০ এপ্রিল) একজনকে আটক করেছে পুলিশ।
পুলিশ ও ভুক্তভোগী পরিবারের সূত্রমতে, গত ২২ মার্চ সকালে শিশু আতিকুর রহমানকে খতনা করানোর জন্য ঢাকা উদ্যানের ‘খলিল মেডিকেল’ নামের একটি প্রতিষ্ঠানে নিয়ে যাওয়া হয়। সেখানে খতনাকালে মারাত্মক অবহেলার কারণে শিশুটির অঙ্গের সামনের অংশের গুরুতর ক্ষতি হয়। দ্রুত অন্য হাসপাতালে নিয়ে চিকিৎসা দিয়ে রক্তক্ষরণ নিয়ন্ত্রণ করা সম্ভব হলেও, এই ঘটনার ফলে শিশুটির ওপর দীর্ঘমেয়াদি শারীরিক ও মানসিক প্রভাব পড়েছে বলে দাবি করেছে তার পরিবার। তাদের অভিযোগ, ঘটনার পর ক্ষতিপূরণ ও দায় স্বীকারের বিষয়ে কথা বলতে গেলে অভিযুক্ত চিকিৎসক কোনো সমাধান না দিয়ে উল্টো তাদের হুমকি-ধমকি দিয়ে তাড়িয়ে দেন।
খোঁজ নিয়ে জানা গেছে, ‘খলিল মেডিকেল’-এর পরিচালক খলিল আদতে কোনো চিকিৎসক নন; তিনি মূলত একজন ফার্মাসিস্ট, যার নিবন্ধন নম্বর এ-১০৩০৪৫। এ বিষয়ে ডিএমপির তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) জুয়েল রানা জানান, ঘটনাটি অত্যন্ত মর্মস্পর্শী। বাদীর অভিযোগের ভিত্তিতে মামলা গ্রহণের প্রক্রিয়া চলছে এবং জড়িতদের বিরুদ্ধে অবশ্যই কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে নিশ্চিত করেছেন তিনি।
বাংলাফ্লো/এফআইআর




