বিনোদন ডেস্ক
ঢাকা: আইপিএলে ৯ কোটি ২০ লাখ রুপিতে দল পেয়েও রাজনৈতিক চাপে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) থেকে মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় খল অভিনেতা মিশা সওদাগর। গত রোববার (৪ জানুয়ারি) নিজের জন্মদিনে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি ভারতীয় ক্রিকেট বোর্ডকে (বিসিসিআই) সরাসরি ‘ধিক্কার’ জানান। ক্রিকেটপ্রেমী এই অভিনেতা মুস্তাফিজকে ‘বাংলাদেশের প্রতীক’ হিসেবে অভিহিত করে বলেন, “রাজনীতি বা উগ্রতার কারণে যারা সংস্কৃতির এই প্রতিবন্ধকতা সৃষ্টি করল, তাদের ধিক্কার জানাই। মুস্তাফিজকে বাদ দিয়ে তারা চরম বাজে রুচির পরিচয় দিয়েছে।”
মিশা সওদাগর মাশরাফির পর মুস্তাফিজকে বাংলাদেশের অন্যতম ঐশ্বর্যমণ্ডিত ক্রিকেটার হিসেবে উল্লেখ করেন এবং তার বিনয়ের প্রশংসা করেন। তিনি বলেন, খেলাধুলা ও সংস্কৃতি সব সময় উন্মুক্ত হওয়া উচিত; এখানে রাজনীতি মিশিয়ে ফেলা কুরুচিপূর্ণ মানসিকতার পরিচায়ক। মুস্তাফিজের মতো বিশ্বমানের তারকাকে এভাবে আটকানোর প্রচেষ্টাকে তিনি বিশ্ব ক্রীড়াঙ্গনের জন্য একটি নেতিবাচক দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করেন এবং এই হীন মানসিকতার তীব্র নিন্দা জানান।
বাংলাফ্লো/এফআইআর






