বাংলাফ্লো প্রতিবেদক
ঢাকা: প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা, ঢাকা-৮ আসনের সংসদ সদস্য এবং বিএনপির স্থায়ী কমিটির জ্যেষ্ঠ সদস্য মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হচ্ছে। আজ রোববার (১৫ মার্চ) বেলা ১১টায় একটি এয়ার অ্যাম্বুলেন্সে করে তাঁকে সিঙ্গাপুরের উদ্দেশে নিয়ে যাওয়া হবে। এ সময় তাঁর সফরসঙ্গী হিসেবে থাকবেন স্ত্রী আফরোজা আব্বাস এবং বড় ছেলে মির্জা ইয়াসির আব্বাস। মির্জা আব্বাসের ব্যক্তিগত সচিব মিজানুর রহমান সোহেল গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।
গত বুধবার রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে প্রবীণ এই রাজনীতিবিদকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাঁর চিকিৎসার জন্য একটি বিশেষ মেডিকেল বোর্ড গঠন করা হয় এবং তাঁর মস্তিষ্কে দুটি অস্ত্রোপচার সম্পন্ন হয়। বর্তমানে তিনি নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জানিয়েছেন, শনিবার সকালে মির্জা আব্বাসের মস্তিষ্কের সিটি স্ক্যান করা হয়েছে এবং স্ক্যানের প্রতিবেদন সন্তোষজনক এসেছে।
গুরুতর অসুস্থ এই নেতার শারীরিক অবস্থার সার্বক্ষণিক খোঁজখবর রাখছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গত শুক্রবার দুপুরে তিনি সশরীরে হাসপাতালে গিয়ে মির্জা আব্বাসকে দেখে আসেন। এছাড়াও স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানসহ অন্যান্য শীর্ষ নেতারা হাসপাতালে গিয়ে তাঁর চিকিৎসার সর্বশেষ খোঁজখবর নিয়েছেন।
বাংলাফ্লো/এফআইআর






