এন্টারটেইনমেন্ট ডেস্ক
ঢাকা: বলিউডের আইকনিক সিনেমা ‘থ্রি ইডিয়টস’-এর সেই চটপটে কলেজ সহকারী ‘মিলিমিটার’-এর কথা মনে আছে? পর্দায় স্বল্প সময়ের উপস্থিতি হলেও, চরিত্রটি দর্শক হৃদয়ে গেঁথে আছে। সেই ‘মিলিমিটার’ খ্যাত অভিনেতা রাহুল কুমার এখন আর কিশোর নন, তিনি বিয়ে করেছেন। তবে তাঁর স্ত্রী কোনো বলিউড সুন্দরী নন, বরং সুদূর তুরস্কের বাসিন্দা কেজিবান ডোগান।
সম্প্রতি এই দম্পতির বিয়ের ছবি ও ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে, যা রাহুলকে আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে এসেছে। ভারতীয় গণমাধ্যম এনডিটিভির খবর অনুযায়ী, দিল্লিতে এক ফটোগ্রাফারের ক্যামেরায় ধরা পড়ার পরই তাঁদের এই প্রেম ও বিয়ের খবর প্রকাশ্যে আসে।

তাঁদের এই প্রেমের গল্পের সঙ্গে ‘থ্রি ইডিয়টস’ সিনেমার গভীর সংযোগ রয়েছে। কনে কেজিবান ডোগান নিজেই জানিয়েছেন এই অবাক করা গল্প। তিনি বলেন, “আমি যখন এই সিনেমাটি (থ্রি ইডিয়টস) দেখেছিলাম, তখন তাকে (রাহুলকে) টেক্সট করি। সে এখানে অভিনেতা ছিল, মিলিমিটার নামে—মনে আছে? এরপর আমাদের কথা শুরু হয়। সেটা প্রায় ১৪ বছর আগের কথা।”
অর্থাৎ, ২০০৯ সালে সিনেমাটি মুক্তির পরই রাহুলের ‘মিলিমিটার’ চরিত্রটি দেখে মুগ্ধ হয়ে কেজিবান তাঁর সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন এবং সেই থেকেই এই সম্পর্কের শুরু।
জানা গেছে, রাহুল কুমার ও কেজিবান ডোগান গত ৪ মে (২০২৫) বিবাহবন্ধনে আবদ্ধ হন। তাঁরা হিন্দু ও খ্রিস্টান— উভয় ধর্মীয় রীতিতেই বিয়ে সম্পন্ন করেছেন। অভিনেতা রাহুল নিজেই তাঁদের বিয়ের ছবিগুলো ইনস্টাগ্রামে প্রকাশ করেছিলেন, যা সম্প্রতি ভাইরাল হয়।
‘থ্রি ইডিয়টস’-এর সেই কিশোর ‘মিলিমিটার’-এর বিয়ের খবরে নেটিজেনরা উচ্ছ্বাস প্রকাশ করেছেন। অনেকেই তাঁর চরিত্রটিকে স্মরণ করে মজাদার মন্তব্য করছেন। একজন নেটিজেন মজা করে লিখেছেন, “মিলিমিটার এখন কিলোমিটার হয়ে গেছে।”
বাংলাফ্লো/এফআইআর






