বাংলাফ্লো প্রতিবেদক
ঢাকা: ঢাকার কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় উম্মুল কুরা ইন্টারন্যাশনাল মাদ্রাসায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার ৩ নারীসহ ৬ আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য বিভিন্ন মেয়াদে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রোববার (২৮ ডিসেম্বর) ঢাকার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহবুবুর রহমান এই আদেশ দেন।
সন্ত্রাসবিরোধী আইনের মামলায় তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে আদালত মাদ্রাসার পরিচালক ও পলাতক প্রধান আসামি আল আমিনের স্ত্রী আছিয়া বেগম, বড় ভাইয়ের স্ত্রী ইয়াসমিন আক্তার ও আসমানী খাতুনকে ৩ দিনের রিমান্ড দিয়েছেন। এছাড়া পুরুষ আসামি শাহীন, আমিনুর ও শাফিয়ার রহমান ফকিরকে ৭ দিন করে রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছেন।
আদালতে তদন্ত কর্মকর্তা জহিরুল ইসলাম জানান, প্রধান আসামি আল আমিন ঘটনার আগের দিন সারারাত জেগে বোমা তৈরি করেছিল। পরদিন সকালেই বিস্ফোরণে ভবন তছনছ হয়ে যায়। তিনি আরও জানান, গ্রেপ্তার আসামি আসমানী খাতুন ও শাহীনের বিরুদ্ধে আগে থেকেই একাধিক জঙ্গি সংশ্লিষ্টতার মামলা রয়েছে। আসমানী মাত্র সাত মাস আগে জামিনে বের হয়েছিলেন।
শুনানিকালে বিচারকের অনুমতি নিয়ে কথা বলেন প্রধান আসামির স্ত্রী আছিয়া বেগম। তিনি দাবি করেন, “এ ঘটনার সঙ্গে আমি বা আমার আত্মীয়স্বজন জড়িত নই। আমার স্বামী আল আমিন জেল থেকে বেরিয়ে বলেছিল সে ভালো হয়ে গেছে। সে আমাকে নির্যাতন করত, তার গোপন কাজের বিষয়ে আমি জানতাম না। জানলে আগেই পুলিশকে জানাতাম।” তবে বিচারক তাকে আশ্বস্ত করে বলেন, তদন্তের স্বার্থে জিজ্ঞাসাবাদ প্রয়োজন, ভয়ের কিছু নেই।
গত ২৬ ডিসেম্বর বিস্ফোরণের পর সিআইডি ও সিটিটিসি অভিযান চালিয়ে ঘটনাস্থল ও আল আমিনের বাসা থেকে ৪০০ লিটার তরল রাসায়নিক (হাইড্রোজেন পার-অক্সাইড, নাইট্রিক অ্যাসিড), ৯টি তাজা ককটেল ও বিপুল পরিমাণ বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে।
বাংলাফ্লো/এফআইআর






