ইন্টার মিয়ামির আর্জেন্টাইন কিংবদন্তি লিওনেল মেসি আবারও গোল্ডেন ছোঁয়া পেলেন। দুর্দান্ত ফর্মে ২০২৫ মৌসুমে মেজর লিগ সকারে (এমএলএস) গোল্ডেন বুট জিতে নিলেন। মৌসুমে ২৮ ম্যাচে ২৯ গোল ও ১৯টি অ্যাসিস্ট করে ৪৮ গোলে সরাসরি অবদান রেখেছেন বিশ্বজয়ী।
ন্যাশভিল এসসির বিপক্ষে রোববার ভোরে ৫-২ গোলে জিতেছে মিয়ামি। হ্যাটট্রিক করার পাশাপাশি একটি গোলে অ্যাসিস্ট করে ম্যাচের নায়ক হন মেসি। হ্যাটট্রিকটি তার পেশাদার ক্যারিয়ারে ৬০তম। ২০২৪ এমএলএসের নিয়মিত মৌসুমের শেষদিনে নিউ ইংল্যান্ড রেভ্যুলুশনের বিপক্ষে হ্যাটট্রিক করেছিলেন মেসি। আরেকটি মৌসুমের শেষদিনেও পেলেন হ্যাটট্রিকের দেখা।
২০২৩ সালে যুক্তরাষ্ট্রের লিগটিতে যোগ দেয়ার পর এবারই প্রথম সর্বোচ্চ গোলদাতার পুরস্কার উঠল এলএম টেনের হাতে। দুইয়ে থাকা এলএএফসির ডেনিস বুয়াঙ্গার গোল ২৪টি।
বড় জয়ে এমএলএসের ইস্টার্ন কনফারেন্সের পয়েন্ট টেবিলে তৃতীয় হয়ে প্লে-অফে উঠেছে মেসি-সুয়ারেজদের মিয়ামি।


