বাংলাফ্লো প্রতিনিধি
ঢাকা: নয়াদিল্লি ও শিলিগুড়িতে বাংলাদেশের কূটনৈতিক স্থাপনায় হামলা এবং ভাঙচুরের ঘটনায় ভারতের কাছে তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকালে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করে এই অসন্তোষ ও গভীর উদ্বেগ প্রকাশ করা হয়।
কূটনৈতিক সূত্র জানায়, সকাল ৯টা ৪০ মিনিটে ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মা পররাষ্ট্র মন্ত্রণালয়ে আসেন। তিনি পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়ামের দপ্তরে প্রবেশ করেন। অত্যন্ত গম্ভীর পরিবেশে অনুষ্ঠিত এই সাক্ষাতটি আসা-যাওয়াসহ পাঁচ মিনিটেরও কম সময় স্থায়ী ছিল। কূটনৈতিক শিষ্টাচারের ভাষায় এত স্বল্প সময়ের তলবকে অত্যন্ত কঠোর বার্তা বা ‘স্ট্রং প্রোটেস্ট’ হিসেবে দেখা হয়।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে দুটি নির্দিষ্ট ঘটনার উল্লেখ করা হয়েছে:
১. ২০ ডিসেম্বর, নয়াদিল্লি: বাংলাদেশ হাই কমিশনের প্রাঙ্গণ ও আবাসস্থলের বাইরে অনাকাঙ্ক্ষিত ঘটনা।
২. ২২ ডিসেম্বর, শিলিগুড়ি: বাংলাদেশের ভিসা কেন্দ্রে উগ্রপন্থী গোষ্ঠীর হামলা ও ভাঙচুর।
বাংলাদেশ সরকার এসব ঘটনাকে ‘পূর্বপরিকল্পিত’ (Pre-planned) এবং কূটনৈতিক কর্মীদের জন্য ভীতি প্রদর্শনমূলক বলে উল্লেখ করেছে। মন্ত্রণালয়ের মতে, এ ধরনের হামলা কেবল নিরাপত্তার ঝুঁকিই নয়, বরং পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সহনশীলতার পরিপন্থী।
বৈঠকে এবং পরবর্তীতে দেওয়া বিজ্ঞপ্তিতে ভারতের কাছে তিনটি সুনির্দিষ্ট দাবি জানিয়েছে ঢাকা:
ঘটনাগুলোর পূর্ণাঙ্গ ও নিরপেক্ষ তদন্ত করতে হবে।
ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে কার্যকর ব্যবস্থা নিতে হবে।
আন্তর্জাতিক আইন ও কূটনৈতিক দায়বদ্ধতা মেনে ভারতে অবস্থিত বাংলাদেশের সব মিশন ও কর্মীদের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করতে হবে।বাংলাফ্লো/এফআইআর






