বিনোদন ডেস্ক
ঢাকা: দীর্ঘ পাঁচ বছরের অনিশ্চয়তা কাটিয়ে অবশেষে প্রেক্ষাগৃহে আসছে কাজী আনোয়ার হোসেনের কালজয়ী গোয়েন্দা চরিত্র ‘মাসুদ রানা’ নিয়ে নির্মিত সিনেমা। আগামী কোরবানির ঈদে সিনেমাটি মুক্তির ঘোষণা দিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া। বৃহস্পতিবার (৯ এপ্রিল) ট্রেলার প্রকাশের মাধ্যমে শুরু হবে এর আনুষ্ঠানিক প্রচার।
সৈকত নাসির পরিচালিত এই সিনেমার অধিকাংশ দৃশ্যধারণ শেষ হয়েছে পাঁচ বছর আগেই। বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনীর অনুমতির অপেক্ষায় কেবল একদিনের শুটিং বাকি রয়েছে। প্রযোজক আব্দুল আজিজ জানিয়েছেন, চলতি মাসের মধ্যেই সম্পাদনা ও ডাবিংসহ সব কাজ সম্পন্ন হবে। কাজী আনোয়ার হোসেনের অনুমোদিত চিত্রনাট্য অনুযায়ী বড় বাজেটের এই সিনেমায় নির্মাণশৈলীতে কোনো কমতি রাখা হয়নি।
দীর্ঘদিন আটকে থাকা সিনেমাটিতে গোয়েন্দা মাসুদ রানা চরিত্রে অভিনয় করেছেন রাসেল রানা। তার বিপরীতে সোহানা চরিত্রে অ্যাকশন অবতারে দেখা যাবে চিত্রনায়িকা পূজা চেরিকে। এছাড়া অবনিতা চরিত্রে রয়েছেন সৈয়দা তিথি অমনি। কোরবানির ঈদে দেশব্যাপী মাল্টিপ্লেক্সসহ সব প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তি পাবে।
বাংলাফ্লো/এম এইচ এইচ






