বাংলাফ্লো ডেস্ক
ঢাকা: জ্বালানি সাশ্রয়ে দোকানপাট ও শপিং মল বন্ধের সিদ্ধান্তে পরিবর্তন এনেছে সরকার। সন্ধ্যা ৬টার পরিবর্তে এখন থেকে রাত ৭টা পর্যন্ত এসব প্রতিষ্ঠান খোলা রাখা যাবে। রোববার (৫ এপ্রিল) দুপুরে সচিবালয়ে জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এই তথ্য জানিয়েছেন।
বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিনও এই সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু ও প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের সঙ্গে বৈঠকের পর এই সিদ্ধান্ত জানানো হয়। মূলত ব্যবসায়ীদের দাবির প্রেক্ষিতে প্রধানমন্ত্রী তারেক রহমান দোকানপাট আরও এক ঘণ্টা বেশি খোলা রাখার এই অনুমোদন দিয়েছেন। ব্যবসায়ীরা রাত ৮টা পর্যন্ত মার্কেট খোলা রাখার অনুরোধ জানালেও বর্তমান পরিস্থিতি বিবেচনায় ৭টা পর্যন্ত সময়সীমা নির্ধারণ করা হয়েছে, যাকে সাধুবাদ জানিয়েছে দোকান মালিক সমিতি।
উল্লেখ্য, মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাবে জ্বালানি সংকটের কারণে গত ৩ এপ্রিল মার্কেট ও শপিং মল সন্ধ্যা ৬টায় বন্ধের নির্দেশ দেওয়া হয়েছিল। সে সময় সরকারি-বেসরকারি অফিসের সময়সূচি সকাল ৯টা থেকে বিকেল ৪টা এবং ব্যাংকিং কার্যক্রম সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত পুনর্নির্ধারণ করে সরকার।
বাংলাফ্লো/এফআইআর






