বিনোদন ডেস্ক
ঢাকা: বলিউডের শক্তিমান অভিনেতা মনোজ বাজপেয়ী সাধারণত তার অভিনয় নৈপুণ্যের জন্যই আলোচনায় থাকেন, তবে এবার তিনি খবরের শিরোনাম হয়েছেন ভিন্ন কারণে। খ্যাতনামা পরিচালক নিরাজ পান্ডের আসন্ন প্রজেক্ট ‘ঘুষখোর পণ্ডিত’-এর নাম ও বিষয়বস্তু নিয়ে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। অভিযোগ উঠেছে, ছবিটির মাধ্যমে একটি নির্দিষ্ট ধর্মীয় সম্প্রদায়ের ভাবাবেগে আঘাত হানা হয়েছে। ছবিটির আনুষ্ঠানিক ঘোষণার পর থেকেই নেটদুনিয়ায় শুরু হয়েছে সমালোচনার ঝড়। বিক্ষোভকারীদের দাবি, ‘ঘুষখোর পণ্ডিত’ নামটি সরাসরি ব্রাহ্মণ সম্প্রদায়ের জন্য মানহানিকর এবং অপমানজনক।
বিষয়টি কেবল সামাজিক যোগাযোগমাধ্যমের প্রতিবাদের মধ্যেই সীমাবদ্ধ নেই; গড়িয়েছে আদালত পর্যন্ত। দিল্লি হাই কোর্টে ছবিটির বিরুদ্ধে মামলা দায়ের করেছেন আইনজীবী বিনীত জিন্দাল। অভিযোগে বলা হয়েছে, এমন নামকরণ একটি গোটা গোষ্ঠীকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করে এবং ছবির সংলাপে সাম্প্রদায়িক উসকানি থাকার আশঙ্কা রয়েছে। তাই অবিলম্বে ছবিটির মুক্তি স্থগিত বা নিষিদ্ধ করার দাবি জানানো হয়েছে আদালতে।
এই ক্রাইম থ্রিলার ঘরানার সিরিজে মনোজ বাজপেয়ী অজয় দীক্ষিত নামক একজন দুর্নীতিগ্রস্ত পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করছেন। তার সঙ্গে আরও থাকছেন নুশরাত ভরুচা, সাকিব সালিম, দিব্যা দত্ত ও কিকু শারদার মতো তারকারা। সবকিছু ঠিক থাকলে ২০২৬ সালে একটি ওটিটি প্ল্যাটফর্মে সিরিজটি মুক্তি পাওয়ার কথা। তবে আইনি জটিলতার মুখে নির্মাতারা নাম পরিবর্তন করবেন কি না, সে বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক বিবৃতি পাওয়া যায়নি।
বাংলাফ্লো/এম এইচ এইচ






