ম্যানচেস্টারের উত্তরে একটি সিনাগগে এক ব্যক্তিকে ছুরিকাঘাত ও গাড়ি চালিয়ে মানুষের ওপর হামলার ঘটনা ঘটেছে। এই ঘটনাটিকে সন্ত্রাসী হামলা হিসেবে বিবেচনা করা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে এক ব্যক্তিকে গুলি করেছে যুক্তরাজ্যের পুলিশ।
বৃহস্পতিবার ২ অক্টোবর আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদনে গ্রেটার ম্যানচেস্টার পুলিশ জানিয়েছে, শনিবার সকাল প্রায় সাড়ে ৯টায় (গ্রিনিচ মান সময় সাড়ে ৮টা) ক্রাম্পসলের হিটন পার্ক হিব্রু মণ্ডলীর সিনাগগে তাদের ডাকা হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, একজন ব্যক্তি জনতার দিকে গাড়ি চালিয়ে দেন এবং একজনকে ছুরিকাঘাত করেন।
সকাল ৯টা ৩৮ মিনিটে সশস্ত্র পুলিশ গুলি চালায় বলে জানানো হয়েছে। সকাল ৯টা ৪১ মিনিটে জরুরি সেবার কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে যান। গাড়ি ও ছুরিকাঘাতের আঘাতে অন্তত চারজন আহত হয়েছেন। পুলিশ ঘটনাটিকে সন্ত্রাসী হামলার জরুরি কোডওয়ার্ড “প্লেটো” হিসেবে ঘোষণা করে।
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার কোপেনহেগেনে অনুষ্ঠিত ইউরোপীয় রাজনৈতিক সম্প্রদায়ের শীর্ষ সম্মেলন থেকে তড়িঘড়ি করে লন্ডনে ফিরে আসছেন বলে সরকারি এক কর্মকর্তা এএফপিকে জানিয়েছেন। এক বিবৃতিতে স্টারমার বলেন, ক্রাম্পসলের একটি সিনাগগে হামলায় আমি হতবাক… ইহুদি ক্যালেন্ডারের সবচেয়ে পবিত্র দিন ইয়োম কিপ্পুরে এই ঘটনাটি আরও ভয়াবহ।
গ্রেটার ম্যানচেস্টারের মেয়র অ্যান্ডি বার্নহ্যাম জানান, নিহতদের একজন নিরাপত্তারক্ষী বলে মনে হচ্ছে, যিনি ছুরিকাঘাতের শিকার হন। তিনি বলেন, ইহুদি সম্প্রদায়ের নিরাপত্তা ব্যবস্থাগুলো পরিস্থিতি আরও ভয়াবহ হওয়া থেকে রক্ষা করেছে।
সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, পুলিশ কর্মকর্তারা সিনাগগের সামনে এক ব্যক্তিকে লক্ষ্য করে অস্ত্র তাক করেছেন এবং দর্শকদের সরে যাওয়ার নির্দেশ দিচ্ছেন। গুলির আগে ওই ব্যক্তি উঠে দাঁড়ানোর চেষ্টা করলে পুলিশ গুলি চালায়।
ঘটনার সময় ইয়োম কিপ্পুর চলছিল, যা ইহুদি সম্প্রদায়ের সবচেয়ে পবিত্র দিন হিসেবে বিবেচিত। এই সময়ে সিনাগগগুলো সাধারণত পূর্ণ থাকে।
কমিউনিটি সিকিউরিটি ট্রাস্টের কর্মকর্তা ডেভ রিচ বলেন, ইয়োম কিপ্পুর ইহুদি বছরের সবচেয়ে পবিত্র দিন। এটি খ্রিস্টানদের জন্য বড়দিনের মতো হলেও আনন্দের নয়, বরং গম্ভীরতা ও উপবাসের দিন।


