বিনোদন ডেস্ক
ঢাকা: বলিউডের ফিটনেস কুইন মালাইকা অরোরার ব্যক্তিগত জীবন নিয়ে জল্পনা-কল্পনার শেষ নেই। দীর্ঘদিনের প্রেমিক অর্জুন কাপুরের সঙ্গে বিচ্ছেদের পর থেকেই তিনি কিছুটা আড়ালে ছিলেন। তবে প্রেম কি আর গোপন থাকে? এবার হাঁটুর বয়সী এক রহস্যময় প্রেমিকের হাত ধরে আবারও শিরোনামে এলেন মালাইকা। গুঞ্জন উঠেছে, তরুণ হীরা ব্যবসায়ী হর্ষ মেহতার প্রেমে মজেছেন তিনি।
ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি মুম্বাইয়ে এনরিক ইগলেসিয়াসের একটি কনসার্টে মালাইকাকে হর্ষ মেহতার সঙ্গে দেখা যায়। সেই থেকেই শুরু হয় কানাঘুষা। এবার সেই গুঞ্জন আরও জোরালো হলো মুম্বাই বিমানবন্দরে।
গত বুধবার বিকেলে মালাইকা ও হর্ষ প্রায় একই সময়ে বিমানবন্দরের একই টার্মিনালে উপস্থিত হন। যদিও তাঁরা একসঙ্গে ক্যামেরার সামনে ধরা দিতে চাননি। মালাইকা কিছুটা এগিয়ে ছিলেন, আর হর্ষ ক্যাজুয়াল পোশাকে মাস্ক পরে তাঁর পিছু নিচ্ছিলেন।
তবে আসল দৃশ্য ধরা পড়ে পার্কিং এরিয়ায়। সেখানে পৌঁছে দুজনকে একই গাড়িতে উঠতে দেখা যায়। মালাইকা আগে গাড়িতে বসেন এবং কয়েক সেকেন্ড পরেই হর্ষ মেহতাও একই গাড়িতে প্রবেশ করেন। এই দৃশ্যই তাঁদের সম্পর্ক নিয়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
বাংলাফ্লো/এফআইআর






