জেলা প্রতিনিধি
বগুড়া: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না প্রত্যাশিত ফলাফল অর্জনে ব্যর্থ হয়ে জামানত হারিয়েছেন। ‘কেটলি’ প্রতীকে তিনি পেয়েছেন মাত্র ৩ হাজার ৪২৬ ভোট, যা মোট প্রদত্ত বৈধ ভোটের মাত্র ১.৪ শতাংশ। নির্বাচন কমিশনের বিধি অনুযায়ী, জামানত রক্ষা করতে হলে মোট বৈধ ভোটের অন্তত ১২.৫ শতাংশ (৩০,৪৭৬ ভোট) পেতে হতো তাকে।
নির্বাচনের আগে গুঞ্জন ছিল বিএনপি এই আসনটি মান্নার জন্য ছেড়ে দিতে পারে, কিন্তু শেষ পর্যন্ত কোনো সমঝোতা হয়নি। ফলাফলে দেখা যায়, ১ লাখ ৪৫ হাজার ২৪ ভোট পেয়ে বিশাল ব্যবধানে বিজয়ী হয়েছেন বিএনপির প্রার্থী মীর শাহে আলম। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর মাওলানা শাহাদাতুজ্জামান পেয়েছেন ৯৩ হাজার ৫৪৮ ভোট। এই আসনে ভোটার উপস্থিতি ছিল ৭২.৬৩ শতাংশ।
বাংলাফ্লো/এফআইআর



