বিনোদন ডেস্ক
ঢাকা: দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে আবারও টেলিভিশনের পর্দায় ফিরছেন বলিউডের ‘খিলাড়ি’ খ্যাত সুপারস্টার অক্ষয় কুমার। তবে এবার কোনো স্টান্ট বা রান্নার শো নয়, তিনি হাজির হচ্ছেন বিশ্বখ্যাত গেম শো ‘হুইল অফ ফরচুন’ -এর ভারতীয় সংস্করণ নিয়ে। মার্কিন যুক্তরাষ্ট্রের এক নম্বর এই রিয়েলিটি শোটি এবার ভারতীয় দর্শকদের ড্রয়িংরুমে ঝড় তুলতে প্রস্তুত।
শো-টির ঘোষণা দিয়েই একটি চমকপ্রদ প্রোমো প্রকাশ করা হয়েছে। সেখানে অক্ষয় কুমারকে তার জনপ্রিয় সিনেমা ‘তিস মার খান’-এর লুকে দেখা গেছে। প্রোমোর মূল বিষয়বস্তু ছিল শব্দের কারসাজি। দেখানো হয়েছে, এক ধনকুবের তার উইলে ছেলের নাম ‘রাম’ লিখতে চেয়েছিলেন, কিন্তু ভৃত্য রামুর কৌশলে একটি অক্ষর যোগ হয়ে তা ‘রামু’ হয়ে যায়। আর নিমিষেই পাল্টে যায় বিশাল সম্পত্তির মালিকানা। অক্ষয় কুমার প্রোমোতে বলেন, “একটি মাত্র অক্ষর পুরো জীবন বদলে দিতে পারে। শব্দের এই জাদু নিয়েই এবার ঘুরবে ভাগ্যের চাকা।”
‘হুইল অফ ফরচুন’ বিশ্বের প্রায় ৬০টি দেশে অত্যন্ত জনপ্রিয় এবং এখন পর্যন্ত ৮টি এমি অ্যাওয়ার্ড জয় করেছে। বিদেশের মাটিতে তুমুল সাফল্যের পর এবার ভারতীয় দর্শকদের কোটি টাকার পুরস্কার জেতার সুযোগ করে দেবেন অক্ষয়। শো-টির মূল আকর্ষণ হবে শব্দের সঠিক ব্যবহার এবং ভাগ্যের চাকার ঘূর্ণন।
বড় পর্দার পাশাপাশি ছোটপর্দাতেও অক্ষয়ের ক্যারিয়ার বেশ সমৃদ্ধ। ২০০৪ সালে ‘সেভেন ডেডলি আর্টস’ দিয়ে তার টিভি যাত্রা শুরু। এরপর ‘খতরো কে খিলাড়ি’, ‘মাস্টার শেফ ইন্ডিয়া’, ‘ডেয়ার টু ড্যান্স’ এবং ‘দ্য গ্রেট ইন্ডিয়ান লাফটার চ্যালেঞ্জ’-এর বিচারক ও সঞ্চালক হিসেবে তিনি দর্শকদের মন জয় করেছেন। এবার ‘হুইল অফ ফরচুন’ দিয়ে তিনি নতুন এক ইতিহাস গড়তে চলেছেন।
বাংলাফ্লো/এফআইআর






