চট্টগ্রাম বিভাগে হালকা বৃষ্টির পূর্বাভাস
বাংলাফ্লো ডেস্ক
ঢাকা: দেশজুড়ে শীতের হালকা আমেজ বইতে শুরু করলেও, আগামী কয়েকদিনে তাপমাত্রা কমার কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। রোববার (১৬ নভেম্বর) রাতে দেওয়া নিয়মিত আবহাওয়া বার্তায় সংস্থাটি জানায়, আগামী ৪৮ ঘণ্টা সারাদেশে শুষ্ক আবহাওয়া বিরাজ করবে এবং তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। তবে সপ্তাহান্তে চট্টগ্রাম বিভাগে হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
সোম ও মঙ্গলবার (১৭-১৮ নভেম্বর): অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এ সময়ে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।
বুধবার (১৯ নভেম্বর): এই দিনে আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে। চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় হালকা বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র আবহাওয়া শুষ্ক থাকবে। এ সময় সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।
বৃহস্পতিবার (২০ নভেম্বর): অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।
আবহাওয়া অফিস জানিয়েছে, এই সময়ের মধ্যে সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে এবং ভোরের দিকে যে শীতের হালকা পরশ অনুভূত হচ্ছে, তা আপাতত এই পর্যায়েই থাকবে।
বাংলাফ্লো/এফআইআর






