‘লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে হবে, ফেব্রুয়ারিতে নির্বাচন চাই’: ডা. শফিকুর রহমান
জেলা প্রতিনিধি
চট্টগ্রাম: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, জাতীয় নির্বাচনের আগে আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতি জনগণের স্বার্থে বাস্তবায়ন করতে হবে। তিনি অঙ্গীকার করেন, “এমনকি আমরা ক্ষমতায় গেলেও কথা দিচ্ছি যে পিআর আমরা বাস্তবায়ন করব, ইনশাল্লাহ।” আজ (শনিবার) বিকেলে চট্টগ্রাম কলেজের প্যারেড ময়দান মাঠে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
নির্বাচন প্রসঙ্গে ডা. শফিকুর রহমান বলেন, “নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড নেই, কিন্তু এই ফিল্ড তৈরি করতে হবে আমাদের—সবাইকে মিলে।” তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “আপনারা তৈরি থাকুন, ফেব্রুয়ারিতে নির্বাচন হতে হবে। না হলে এ দেশে সংকট দেখা দেবে। আমরা কোনো সংকট তৈরি হতে দেব না, ইনশাল্লাহ!”
নিজেকে নিয়ে চলমান সমালোচনা প্রসঙ্গে তিনি বলেন, “আমাদের এত পজিটিভ এজেন্ডা—আমরা জাতির জন্য কী করব, এগুলো ভাবতে আর বলতে বলতে সময় চলে যায়। কাউকে খোঁচানোর জন্য কিংবা কারো খোঁচার জবাব দেওয়ার সময় আমাদের নেই।”
ডা. শফিকুর রহমান প্রথমে আকবর শাহ থানার পূর্ব ফিরোজ শাহ কলোনীর আল জামিয়াতুল ইসলামিয়া বড় মাদ্রাসার বার্ষিক মাহফিলে যোগ দেন। এরপর সন্ধ্যা ছয়টায় তিনি চট্টগ্রাম মহানগর জামায়াত আয়োজিত নির্বাচনী দায়িত্বশীল সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
বাংলাফ্লো/এফআইআর






