নির্বাচন কমিশনের (ইসি) প্রাথমিক পর্যালোচনায় নিবন্ধনের জন্য বিবেচিত হয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। তবে দলটির প্রস্তাবিত প্রথম পছন্দের প্রতীক ‘শাপলা’ নির্বাচন পরিচালনা বিধিমালায় না থাকায় তা বরাদ্দ দেওয়া সম্ভব নয় বলে জানিয়েছে ইসি।
এ অবস্থায়, নতুন রাজনৈতিক দলের জন্য বরাদ্দযোগ্য ৫০ টি প্রতীক থেকে একটি প্রতীক পছন্দ করে ৭ অক্টোবরের মধ্যে জানাতে এনসিপিকে চিঠি দিয়েছে ইসি।
ইসি জানায়, এনসিপি আবেদনপত্রে প্রতীক হিসেবে ক্রমানুসারে শাপলা, কলম ও মোবাইল উল্লেখ করেছিল। কিন্তু নির্বাচন পরিচালনা বিধিমালা ২০০৮ এর বিধি ৯(১) অনুযায়ী শাপলা তালিকাভুক্ত প্রতীক নয়। ফলে দলটিকে নির্ধারিত প্রতীক তালিকা থেকে অন্য কোনো প্রতীক বেছে নিতে বলা হয়েছে।
অন্যদিকে, প্রতীক সংকট নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে এনসিপি। দলের যুগ্ম মুখ্য সমন্বয়ক (গণমাধ্যম) আরিফুর রহমান তুহিন বলেন, আইনগত কোনো বাধা না থাকলেও আমাদের প্রিয় প্রতীক শাপলা দেওয়া হচ্ছে না। বিকল্প কিছু ভাবছি না। কমিশন একটি বিশেষ দলের ইচ্ছায় স্বেচ্ছাচারী আচরণ করছে।
তিনি আরও দাবি করেন, কমিশন চাইলে সহজেই প্রতীক তালিকায় শাপলা যুক্ত করতে পারে। কিন্তু ‘তাঁবেদারি করে’ তা না করে দলটিকে বঞ্চিত করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।


