জেলা প্রতিনিধি
রংপুর: রংপুর-৪ (পীরগাছা-কাউনিয়া) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন ভোটারদের সতর্ক করে বলেছেন, টাকার বিনিময়ে ভোট বিক্রি করলে জনগণ তাদের প্রাপ্য সেবা থেকে বঞ্চিত হবে। তিনি বলেন, “আপনি যদি টাকা খেয়ে ভোট দেন, নেতা এসে আপনার রাস্তা খেয়ে ফেলবে। আপনার সব সুবিধা খেয়ে ফেলবে; এ কারণে আর কোনো সুবিধা পাবেন না।”
মঙ্গলবার (১৩ জানুয়ারি) পীরগাছার অন্নদানগর ইউনিয়নের খামার নয়াবাড়ী এলাকায় এক নির্বাচনী উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আখতার হোসেন যুক্তি দেখান যে, নেতা যদি টাকা দিয়ে ভোট কেনেন, তবে নির্বাচিত হওয়ার পর তিনি আর জনগণকে কোনো সুবিধা দিতে বাধ্য থাকবেন না।
স্বচ্ছতার প্রতিশ্রুতি দিয়ে এনসিপির এই নেতা বলেন, “আল্লাহ যদি আমাদের জিতিয়ে নিয়ে আসে, তাহলে আমরা প্রত্যেকটা ইউনিয়ন এবং বড় বাজারে বোর্ডের মধ্যে লিখে দেব—কোন এলাকার কোন মসজিদ, মাদ্রাসা বা মন্দিরের জন্য কতটুকু বরাদ্দ আছে।” তিনি আরও বলেন, যারা পকেট ভারি করার ও চামচামির রাজনীতি করে, তাদের দিন শেষ হয়ে যাবে।
বৈঠকে স্থানীয় জামায়াতে ইসলামী ও এনসিপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এর মধ্যে রংপুর জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা মোস্তাক আহমেদ ও জেলা এনসিপির যুগ্ম সমন্বয়ক মোস্তাকিন বিল্লাহ অন্যতম।
বাংলাফ্লো/এফআইআর






