বিনোদন ডেস্ক
ঢাকা: প্রাক্তন স্ত্রী রীতা ভট্টাচার্যের বিরুদ্ধে করা ৫০ কোটি টাকার মানহানি মামলায় জয় পেলেন ভারতের প্রখ্যাত সংগীতশিল্পী কুমার শানু। আদালত গায়কের পক্ষে রায় দিয়েছেন এবং ভবিষ্যতে কুমার শানুর বিরুদ্ধে রীতা ভট্টাচার্যকে কোনো প্রকার মানহানিকর বা কুরুচিপূর্ণ মন্তব্য করা থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছেন।
গত কয়েক মাস ধরে বিভিন্ন সাক্ষাৎকারে কুমার শানুর বিরুদ্ধে গুরুতর সব অভিযোগ আনেন তার প্রাক্তন স্ত্রী। এসব মন্তব্যকে মিথ্যা ও ভিত্তিহীন দাবি করে নিজের ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ার অভিযোগে ৫০ কোটি টাকার মামলা করেছিলেন শানু। মামলা চলাকালীন রীতা ভট্টাচার্য তা প্রত্যাহারের আবেদন জানালেও আদালত শানুর দাবিকে আমলে নিয়েছেন।
শানুর আইনজীবীর ভাষ্যমতে, প্রাক্তন স্ত্রীর এসব মন্তব্যের কারণে গায়কের ব্যক্তিগত, সামাজিক ও আর্থিক ক্ষতি হয়েছে। তিনি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিলেন। আদালত শুধু রীতাকে সতর্কই করেননি, বরং বিভিন্ন প্ল্যাটফর্মে প্রকাশিত মানহানিকর সাক্ষাৎকারগুলো মুছে ফেলার নির্দেশও দিয়েছেন।
ঘটনার সূত্রপাত হয় অভিনেত্রী কুনিকা সদানন্দের একটি মন্তব্যের পর। একটি রিয়েলিটি শো-তে কুনিকা শানুর সঙ্গে তার অতীতের সম্পর্কের কথা প্রকাশ্যে আনেন। এরপরই রীতা ভট্টাচার্য সংবাদমাধ্যমে দাবি করেন, ‘বিয়ের পর আমি যখন অন্তঃসত্ত্বা ছিলাম, তখন শানু বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়েছিলেন। আমাকে অত্যন্ত কষ্টে দিন কাটাতে হয়েছিল এবং বিষয়টি নিয়ে আদালতেও যেতে হয়েছিল।’
কুমার শানু এসব অভিযোগকে ‘মিথ্যাচার’ হিসেবে অভিহিত করে আইনের দ্বারস্থ হন এবং শেষ পর্যন্ত আইনি লড়াইয়ে জয়ী হলেন।
বাংলাফ্লো/এফআইআর






