বিনোদন ডেস্ক
ঢাকা: অস্কার মনোনীত মার্কিন অভিনেত্রী ও নির্মাতা ক্রিস্টেন স্টুয়ার্ট আমেরিকা ছেড়ে অন্যত্র চলে যাওয়ার ইঙ্গিত দিয়েছেন। সম্প্রতি ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য টাইমস অফ লন্ডন’-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, নিজ দেশে কাজের স্বাধীনতা না থাকায় এবং বর্তমান রাজনৈতিক পরিস্থিতির কারণে তিনি দেশ ছাড়ার কঠিন সিদ্ধান্ত নিতে পারেন।
ক্রিস্টেন জানান, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রে সৃজনশীল কাজ চালিয়ে যাওয়া তার জন্য কঠিন হয়ে পড়েছে। তিনি বলেন, ‘আমি সেখানে স্বাধীনভাবে কাজ করতে পারছি না। তবে আমি হাল ছেড়ে দিতে চাই না। আমি ইউরোপে সিনেমা বানাতে চাই এবং সেগুলো আমেরিকানদের দেখাতে চাই।’ অভিনেত্রীর মতে, ট্রাম্পের শাসনামলে বাস্তবতা ভিন্ন রূপ নিচ্ছে। বিশেষ করে সিনেমা নির্মাণের ওপর ট্রাম্পের আরোপিত শুল্ক বা ট্যারিফ চলচ্চিত্র শিল্পের জন্য ভয়ঙ্কর হতে পারে বলে তিনি আতঙ্ক প্রকাশ করেছেন।
প্রতিকূল পরিস্থিতির কারণেই নিজের প্রথম পরিচালিত সিনেমা ‘দ্য ক্রনোলজি অব ওয়াটার’-এর শুটিং তিনি যুক্তরাষ্ট্রে না করে লাটভিয়াতে করেছেন। উল্লেখ্য, ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ক্রিস্টেনের দ্বন্দ্ব এক দশকেরও বেশি পুরোনো। ২০১২ সালে ক্রিস্টেন ও রবার্ট প্যাটিনসনের সম্পর্ক নিয়ে ট্রাম্পের টুইট থেকেই এই দ্বন্দ্বের শুরু। ক্রিস্টেন সত্যি দেশ ছাড়লে তিনি হবেন এলেন ডিজে নারেস, রোজি ও’ডোনেল এবং জেমস ক্যামেরনের মতো তারকাদের তালিকায় নতুন সংযোজন, যারা রাজনৈতিক কারণে আমেরিকা ছাড়ার ঘোষণা দিয়েছেন।
বাংলাফ্লো/এফআইআর






