বিনোদন ডেস্ক
ঢাকা: রাজ্যসভায় সদস্য হিসেবে শপথ নিলেন টালিউডের জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক। সোমবার (৬ এপ্রিল) ভারতের সংসদে এই শপথ গ্রহণ করেন তিনি। এদিন পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, উড়িষ্যা এবং মহারাষ্ট্র থেকে আরও ১৯ জন সদস্য হিসেবে শপথ নেন। বিশেষ এই দিনে মেয়ের শপথ গ্রহণ উপলক্ষে সংসদে উপস্থিত ছিলেন কোয়েলের বাবা বরেণ্য অভিনেতা রঞ্জিত মল্লিক ও মা দীপা মল্লিক।
দীর্ঘ ২২ বছরের অভিনয় ক্যারিয়ারে কখনোই কোনো বিতর্কে জড়াননি কোয়েল মল্লিক। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার এবং বাবা রঞ্জিত মল্লিকের বরাবরই দারুণ সখ্যতা রয়েছে। মাসখানেক আগে রঞ্জিত মল্লিকের বাড়িতে নির্বাচনি কাজে গিয়েছিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তখন থেকেই গুঞ্জন উঠেছিল, সিনেমার পাঠ চুকিয়ে এবার হয়তো রাজনীতির মাঠে দেখা যাবে এই অভিনেত্রীকে। সরাসরি রাজনীতির ময়দানে না নামলেও অবশেষে সেই গুঞ্জনই সত্যি হলো এবং রাজনীতির আঙিনায় পা রাখলেন কোয়েল।
উল্লেখ্য, কোয়েল মল্লিকের স্বামী ও বিশিষ্ট প্রযোজক নিসপাল সিং রানে ২০২১ সালের উপনির্বাচনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রস্তাবক ছিলেন। ব্যক্তিজীবনে কোয়েল-নিসপাল দম্পতির দুই সন্তান রয়েছে।
বাংলাফ্লো/এম এইচ এইচ






