বিনোদন ডেস্ক
ঢাকা: আট বছরের দীর্ঘ প্রেমের পর অবশেষে গত ২৬ ফেব্রুয়ারি রাজস্থানের উদয়পুরে বিয়ের পিঁড়িতে বসেছেন দক্ষিণী সিনেমার বহুল আলোচিত জুটি রাশমিকা মান্দানা ও বিজয় দেবরাকোন্ডা। পরিবার ও ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে হওয়া এই রাজকীয় বিয়ের ছবি এখন নেট দুনিয়ায় ভাইরাল। ভক্তরা নবদম্পতিকে শুভেচ্ছায় ভাসাচ্ছেন। তবে রূপকথার মতো এই বিয়ে পর্যন্ত পৌঁছানোর পথটা রাশমিকার জন্য মোটেও সহজ ছিল না। সম্প্রতি এক সাক্ষাৎকারে বিজয়ের সঙ্গে দ্বিতীয় সিনেমায় অভিনয়ের সময় নিজের পারিবারিক বাধার কথা প্রকাশ্যে এনেছেন এই অভিনেত্রী।
২০১৮ সালে বিজয়-রাশমিকা জুটির প্রথম সিনেমা ‘গীতা গোবিন্দম’ সুপারহিট হওয়ার পর, পরিবারের সদস্যরা বিজয়ের সঙ্গে তাঁর দ্বিতীয় সিনেমায় অভিনয়ের ঘোর বিরোধী ছিলেন।
পরিবারের ধারণা ছিল, ফিল্মি দুনিয়া মেয়েদের জন্য একেবারেই সুরক্ষিত নয়। তাই প্রথম ছবির সাফল্যের স্বাদ নিয়েই রাশমিকা যেন অভিনয় জগৎ থেকে সরে দাঁড়ান, এমনটাই চেয়েছিল তাঁর পরিবার।
পরিচালক ভরত কাম্মা যখন ‘ডিয়ার কমরেড’ সিনেমার চিত্রনাট্য শোনান, তখন ‘লিলি’ চরিত্রটি করার জন্য উদগ্রীব হয়ে ওঠেন রাশমিকা। বিপরীতে কে অভিনয় করছেন, সেটি বড় কথা নয়—বরং অভিনয়ের প্রতি নিজের গভীর ভালোবাসা প্রমাণ করতে এবং পরিবারকে রাজি করাতে রীতিমতো লড়াই করতে হয়েছিল তাঁকে।
‘ডিয়ার কমরেড’ সিনেমায় বিজয়ের সঙ্গে রাশমিকার একটি চুম্বন দৃশ্য নিয়ে সে সময় ব্যাপক জলঘোলা হয়েছিল। এই দৃশ্যটি অভিনেত্রীর ব্যক্তিগত জীবনেও নেতিবাচক প্রভাব ফেলেছিল বলে এর আগে জানিয়েছিলেন বিজয়।
‘গীতা গোবিন্দম’ ও ‘ডিয়ার কমরেড’-এর পর এই জুটিকে আর পর্দায় একসঙ্গে দেখা যায়নি। তবে দীর্ঘ বিরতির পর নবদম্পতিকে এবার একসঙ্গে দেখা যাবে আসন্ন ‘রাণাবলী’ সিনেমায়।
বাংলাফ্লো/এম এইচ এইচ




