জনপ্রিয় পাঞ্জাবি গায়ক এবং অভিনেতা দিলজিৎ দোসাঞ্জকে হুমকি দিল খালিস্তানি জঙ্গি নেতা গুরপতবন্ত সিং পান্নুন। আগামী ১ নভেম্বর অস্ট্রেলিয়ার সিডনিতে দোসাঞ্জের কনসার্ট হওয়ার কথা। সেই কনসার্ট বাতিলের দাবি তুলে এই হুমকি দিয়েছে পান্নুন। কিন্তু কেন?
সম্প্রতি কেবিসি-তে বলিউডের মেগাস্টার অমিতাভ বচ্চনের পা ছুঁয়ে প্রণাম করেছিলেন দিলিজিৎ। এই আবহে পান্নুনের বক্তব্য, বিগ বি-র পা স্পর্শ করে ১৯৮৪ সালের গণহত্যার শিকার হওয়া শিখদের অপমান করেছেন দিলজিৎ।
১৯৮৪ সালের ৩১ অক্টোবর মৃত্যু হয়েছিল তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর। তার ঠিক পরেই অর্থাৎ ১ নভেম্বর থেকে শুরু হয়েছিল শিখবিরোধী হিংসা। সেই সময়ে দিল্লিতে মৃত্যু হয়েছিল শিখ সম্প্রদায়ের বহু মানুষের।
সংগঠনের দাবি, ১৯৮৪ সালের ঘটনায় অমিতাভের মুখে ‘রক্তের বদলে রক্ত’ কথাটি একেবারেই ভালো চোখে দেখেননি কেউ। একটি বিবৃতিতে সংগঠনের তরফে জানানো হয়, অভিনেতার এই মন্তব্যের পরে ৩০ হাজার শিখের মৃত্যু হয়েছিল সারা ভারতজুড়ে। ফলে অভিনেতা গণহত্যার স্লোগান দিয়েছিলেন বলে মনে করেছিল শিখ সম্প্রদায়। তাই তার পা ছুঁয়ে প্রণাম মানে নিহত পুরুষ, মহিলা এবং শিশুদের অসম্মান বলে দাবি সংগঠনের।
অমিতাভের সঙ্গে দিলজিতের এই সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা একেবারেই ভালো চোখে দেখেনি সংগঠন। ফলে দিলজিতের কনসার্ট বয়কটের দাবি জানিয়েছে তারা।
এমনকি বিবৃতিতে উল্লেখ করা হয়েছে বিশ্বব্যাপী শিখ গোষ্ঠী এবং শিল্পীদের দিলজিতের কনসার্টে যোগদান করা উচিত নয়। এখানেই থামেননি তারা। ১ নভেম্বর অনুষ্ঠানস্থলের বাইরে একটি সমাবেশেরও ঘোষণা করেছে। কেননা ১ নভেম্বর দিনটিকে শিখ গণহত্যা স্মৃতি দিবস হিসেবে পালন করে।- টাইমস অব ইন্ডিয়া


