স্পোর্টস ডেস্ক
ঢাকা: সদ্য প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্মরণে আজ বিকেলে ঐতিহ্যবাহী ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাবে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত ৩০ ডিসেম্বর ইন্তেকাল করা এই নেত্রীর আত্মার মাগফিরাত কামনায় আয়োজিত এই অনুষ্ঠানে সাবেক তারকা ক্রীড়াবিদ, সংগঠক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ অংশ নেন। অনুষ্ঠানের অন্যতম উদ্যোক্তা ও বেগম জিয়ার এক সময়ের ব্যক্তিগত কর্মকর্তা লোকমান হোসেন ভূঁইয়া জানান, ১৯৯৮ সালে একটি বিয়ের অনুষ্ঠানে এই ক্লাবে এসেছিলেন বেগম জিয়া। এছাড়া মোহামেডান ক্লাবে তার অবদানের কথা স্মরণ করে সাবেক সভাপতি মোসাদ্দেক আলী ফালু বলেন, ক্লাবের আনুষ্ঠানিক দলিল তার সময়েই সম্পন্ন হয়েছিল এবং ২০১১ সালে রাজনৈতিক অস্থিরতার মধ্যেও বিশ্বকাপ ক্রিকেট নির্বিঘ্ন করতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন।
জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ও বিএনপির ক্রীড়া সম্পাদক আমিনুল হক আবেগঘন স্মৃতিচারণ করে বলেন, ২০০৩ সালে সাফ চ্যাম্পিয়ন হওয়ার পর দেশনেত্রী প্রত্যেক খেলোয়াড়কে ৫ কাঠা করে জমি উপহার দিয়েছিলেন, যা বাংলাদেশের ইতিহাসে ক্রীড়াবিদদের জন্য বিরল এক সম্মান। ব্রাদার্স ইউনিয়নের আহ্বায়ক ইশরাক হোসেন ১৯৯১ সালের সাফ গেমস আয়োজন ও ক্রীড়াঙ্গনের উন্নয়নে বেগম জিয়ার নেতৃত্বের কথা তুলে ধরেন। সাবেক ক্রীড়া মন্ত্রী মির্জা আব্বাসও ব্যস্ততার মাঝে খেলাধুলার প্রতি বেগম জিয়ার আগ্রহের কথা স্মরণ করেন। দোয়া মাহফিলে উপমহাদেশের প্রথম গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোর্শেদ, সাবেক বাফুফে সভাপতি এসএ সুলতান, ফুটবলার কায়সার হামিদ, সৈয়দ রুম্মন বিন ওয়ালী সাব্বির, ক্রিকেট সংগঠক মাহবুব আনাম, মিনহাজুল আবেদীন নান্নু, নারী ক্রীড়া সংগঠক কামরুন নাহার ডানা এবং হকি তারকা রাসেল মাহমুদ জিমি সহ ক্রীড়াঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বাংলাফ্লো/এফআইআর






