বাংলাফ্লো প্রতিবেদক
ঢাকা: কঠোর নিরাপত্তা ও রাষ্ট্রীয় প্রোটকলের মধ্য দিয়ে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মরদেহ জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় পৌঁছেছে। আজ বুধবার (৩১ ডিসেম্বর) সকাল ১১টা ৪৮ মিনিটের দিকে তাকে বহনকারী ফ্রিজার ভ্যানটি সংসদ চত্বরে প্রবেশ করে।
লাল-সবুজ রঙের জাতীয় পতাকায় মোড়ানো ছিল সাবেক প্রধানমন্ত্রীর কফিন। বাংলাদেশ সেনাবাহিনী হিউম্যান চেইন (মানবঢাল) তৈরি করে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় তার মরদেহ সংসদ ভবনে নিয়ে আসে। এর আগে সকাল ৮টা ৫৪ মিনিটে এভারকেয়ার হাসপাতাল থেকে মরদেহ বের করে শুরুতে গুলশান এভিনিউয়ের ১৯৬ নম্বর বাসায় (তারেক রহমানের বাসভবন) নেওয়া হয়। সেখানে বেলা ১১টা ৫ মিনিট পর্যন্ত স্বজন ও দলীয় নেতাকর্মীরা তাকে শেষ শ্রদ্ধা জানান। এরপর সেখান থেকে মরদেহবাহী গাড়িটি সংসদের উদ্দেশ্যে যাত্রা করে।
রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে আজ বাদ জোহর বেগম খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হবে। জানাজায় ইমামতি করবেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি আবদুল মালেক। জানাজা শেষে তাকে চন্দ্রিমা উদ্যানে স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে দাফন করা হবে।
জানাজা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে মানিক মিয়া এভিনিউসহ রাজধানীর গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে ২৭ প্লাটুন বিজিবি (BGB) মোতায়েন করা হয়েছে। এছাড়া ভারত, পাকিস্তানসহ দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের প্রতিনিধিরা জানাজায় অংশ নিতে ঢাকায় পৌঁছেছেন।
বাংলাফ্লো/এফআইআর






