জেলা প্রতিনিধি
গাজীপুর: ভারতে বসে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বা আওয়ামী লীগ নেতারা কী বলছেন, তাতে বাংলাদেশের আসন্ন নির্বাচনে কোনো প্রভাব পড়বে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, ‘দেশে তাদের সমর্থক নেই বলেই দিল্লিতে সংবাদ সম্মেলন করতে হচ্ছে।’
মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকালে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের প্যারেড গ্রাউন্ডে ৬৩তম ব্যাচ মহিলা কারারক্ষীদের বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘দিল্লিতে শেখ হাসিনার বক্তব্যের জেরে বাংলাদেশের নির্বাচনে কোনো প্রভাব পড়বে না। এতে দেশের নির্বাচন ভণ্ডুল বা দেশে অস্থিরতা তৈরিরও কোনো আশঙ্কা নেই।’ তিনি কটাক্ষ করে বলেন, দেশে তাদের (আওয়ামী লীগের) কোনো সমর্থক নেই বলেই তারা দিল্লিতে সংবাদ সম্মেলন করছে। এ সময় তিনি দেশ থেকে পালিয়ে যাওয়া আওয়ামী নেতাকর্মীদের দেশে ফিরিয়ে দেওয়ার আহ্বান জানান।
কারাগারে বন্দি ধারণক্ষমতা প্রসঙ্গে উপদেষ্টা বলেন, বর্তমানে কারাগারে পর্যাপ্ত জায়গা নেই। তাই শিগগিরই নতুন কারাগার তৈরির পদক্ষেপ নেওয়া হবে।
এর আগে প্রধান অতিথি প্যারেড গ্রাউন্ডে পৌঁছালে তাকে স্বাগত জানান কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন। উপদেষ্টা নবীন প্রশিক্ষণার্থীদের সশস্ত্র সালাম গ্রহণ করেন এবং শারীরিক কসরত ও অস্ত্রবিহীন আত্মরক্ষার কৌশল উপভোগ করেন।
গেল ১৪ সেপ্টেম্বর শুরু হওয়া এই বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সে মোট ৮৬৬ জন কারারক্ষী ও মহিলা কারারক্ষী অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে অতিরিক্ত কারা মহাপরিদর্শক কর্নেল মোহাম্মদ মোস্তফা কামাল, গাজীপুর মহানগর পুলিশ কমিশনার, জেলা প্রশাসকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বাংলাফ্লো/এফআইআর






