বিনোদন ডেস্ক
ঢাকা: কানাডায় নিজের শখের ‘ক্যাপস ক্যাফে’তে (Kap’s Cafe) পরপর তিনবার গুলির ঘটনার পর, আতঙ্কিত হওয়ার বদলে উল্টো ব্যবসার সাফল্যের কথা শোনালেন বিখ্যাত কমেডিয়ান ও অভিনেতা কপিল শর্মা। গত জুলাই মাসে ক্যাফেটি চালু করার পর থেকেই আন্তর্জাতিক ডন গোল্ডি ব্রার এবং খালিস্তানি সংগঠনের পক্ষ থেকে একের পর এক হামলার দায় স্বীকার করা হয়। এই ঘটনা আন্তর্জাতিক মহলে তোলপাড় সৃষ্টি করলেও, কপিল বলছেন এতে তাঁর লাভই হয়েছে।
সম্প্রতি এক সাক্ষাৎকারে কপিল শর্মা এই হামলা-কাণ্ডের এক নতুন দিক তুলে ধরেন। তিনি জানান, হামলার পর তাঁর ক্যাফের প্রচার এবং জনপ্রিয়তা আকাশচুম্বী হয়েছে। কপিল বলেন, “আমার ক্যাফেতে গুলি চলার পর ব্যবসা দ্বিগুণ হয়েছে। যতক্ষণ সেটা হচ্ছে, ততক্ষণ আমার অসুবিধা নেই।”
যদিও সৌভাগ্যবশত, তিনটি হামলার সময়ই ক্যাফেটি বন্ধ থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
কপিল জানান, এই ঘটনাটি এত বড় আকার ধারণ করেছিল যে কানাডার জাতীয় সংসদেও তাঁকে এবং তাঁর ক্যাফেতে গুলির ঘটনা নিয়ে আলোচনা হয়েছে। তিনি কানাডিয়ান পুলিশের দায়িত্ব পালন নিয়ে কিছু প্রশ্ন তুললেও, নিজ দেশের মুম্বাই পুলিশের প্রশংসায় পঞ্চমুখ ছিলেন।
উল্লেখ্য, হামলার পর থেকে গোল্ডি ব্রার ও হরজিৎ সিং লাড্ডির মতো অপরাধীদের নাম জড়িয়ে কপিলের নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছিল।
বাংলাফ্লো/এফআইআর






