মুক্তির প্রথম দিনেই বক্স অফিসে ঝড় তুলেছে ঋষভ শেঠি অভিনীত দক্ষিণী সিনেমা ‘কানতারা চ্যাপ্টার ১’। মুক্তির প্রথম দিনে ছবিটি হিন্দি বেল্টের বক্স অফিসে ১৮.৫০ কোটি টাকা আয় করে।
যা হিন্দি বেল্টে ২০২৫ সালে মুক্তি পাওয়া কোনো ছবি হিসেবে সপ্তম সর্বোচ্চ (দক্ষিণী সিনেমা হিসেবে) ওপেনিংয়ের রেকর্ড গড়েছে। কিন্তু দ্বিতীয় দিনেই সেই আয় কমে গেলো।
বলিউড মুভি রিভিউজ ডটকম বলছে, মুক্তির দ্বিতীয় দিনে হিন্দি বেল্টের বক্স অফিসে ‘কানতারা চ্যাপ্টার ১’ এর আয় দাঁড়িয়েছে ১১ কোটি। হিন্দিসহ কন্নড়, তামিল, তেলুগু- সব মিলিয়ে দ্বিতীয় দিনে ‘কানতারা ২’ এর বক্স অফিস সংগ্রহ ৪৫ কোটি রুপি (নেট কালেকশন)।
প্রথম দিনে ৬১ কোটি রুপি এবং দ্বিতীয় দিনে ৪৫ কোটি রুপি মিলিয়ে দুই দিনে ভারতে সিনেমাটির আয় ১০৬ কোটি রুপি (নেট)। আর বিশ্বব্যাপী দুই দিনে ছবিটি সব মিলিয়ে আয় করেছে প্রায় ১৪৯ কোটি রুপি।
২০২২ সালে মুক্তি পাওয়া ‘কানতারা’ প্রথম দিনে হিন্দিতে মাত্র ১.২৭ কোটি টাকা আয় করেছিল। যার তুলনায় ‘কানতারা চ্যাপ্টার ১’ প্রথম দিনের আয় হিন্দি ভার্সনে ১৩৫৬% বেশি সংগ্রহ করেছে! তাই ধারণা করা হচ্ছে, এই গতি অব্যাহত থাকলে ছবিটি সহজেই ‘কানতারা’ ছবির লাইফটাইম কালেকশন (৮১.১ কোটি নেট) ছাড়িয়ে যেতে পারে।
ঋষভ শেঠি ছাড়াও ছবিতে আরও অভিনয় করেছেন অভিনেত্রী রুক্মিণী বসন্ত, জয়রাম এবং গুলশান দেবাইয়া। ঋষভ শেঠি নিজেই ছবিটির চিত্রনাট্য লিখেছেন, পরিচালনা করেছেন এবং অভিনয়ও করেছেন।- বলিউড মুভি রিভিউজ


