ভারতের বক্স অফিসে রাজত্ব করছে সদ্য মুক্তি প্রাপ্ত ঋষভ শেঠির নতুন ছবি ‘কানতারা: চ্যাপ্টার ১’। স্যাকনিল্কের প্রতিবেদনে বলা হয়েছে, মুক্তির মাত্র ৫ দিনে এই কন্নড় সিনেমা ভারতে আয় করেছে ৩০৮ কোটি রুপি (গ্রস কালেকশন)।
অন্যদিকে ভারতের বাইরে সিনেমাটি ৫ দিনে আয় করেছে ৬০ কোটি রুপি (গ্রস)। ফলে বিশ্বব্যাপী আয়ের পরিমাণ দাঁড়িয়েছে ৩৬৮ কোটি রুপি (গ্রস)। যা চলতি বছরের অন্যতম সেরা ওপেনিং হিসেবেই ধরা হচ্ছে।
অন্যদিকে বলি মুভি রিভিউজ অনুযায়ী, মুক্তির প্রথম দিনেই সিনেমাটি বিশ্বব্যাপী আয় করে ৮৭.৯ কোটি রুপি, দ্বিতীয় দিন ৬১ কোটি, তৃতীয়, চতুর্থ ও ৫ম দিনে যথাক্রমে ৮১, ৯১ ও ৪০ কোটি রুপি করে, যার মোট আয় ৩২০ কোটি রুপি।
যা মাত্র ৫ দিনেই বছরের সর্বোচ্চ আয়কারী কন্নড় সিনেমা হিসেবে জায়গা করে নিয়েছে, পেছনে ফেলেছে ‘সু ফ্রম সো’র আয়কে (৯২ কোটি রুপি)।
ঋষভ শেঠির এই ছবি শুধু আঞ্চলিক সিনেমার মধ্যেই নয়, বরং পুরো ভারতে বড় বাজেটের চলচ্চিত্রগুলোকেও টেক্কা দিচ্ছে। শুধু ভারতেই নয়, বিদেশেও ছবিটির জনপ্রিয়তা ক্রমে বাড়ছে।
২০২২ সালে মুক্তি পেয়েছিল কন্নড় ভাষার আলোচিত সিনেমা ‘কানতারা’। ঋষভ শেঠি পরিচালিত এই সিনেমা প্রেক্ষাগৃহে মুক্তির পরই বক্স অফিসে দাপট দেখায়। ১৬ কোটি রুপির বাজেটের সিনেমাটি বিশ্বব্যাপী আয় করে ৪০০ কোটি রুপির বেশি। শুধু বক্স অফিসেই নয়, দর্শক ও সমালোচকদের প্রশংসাও কুড়িয়েছে সিনেমাটি। যার প্রেক্ষিতে এবার মুক্তি পেয়েছে এর প্রিকুয়েল ‘কানতারা: চ্যাপ্টার ১’।
ছবিটি মূলত ইতিহাস, মিথ ও লোকজ বিশ্বাসের মেলবন্ধনে গড়ে ওঠা এক শক্তিশালী পিরিয়ড অ্যাকশন ড্রামা। যেখানে ঋষভ আবারও তার পরিচালনা ও অভিনয়ের দক্ষতার পরিচয় দিয়েছেন।


